
মোঃজোনায়েদ হোসেন জুয়েল,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী ফার্মেসী এসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদনদেওয়া হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. এ বি ছিদ্দিক হাওলাদার এবং সাধারণ সম্পাদক মোঃ শামীম মিয়ার স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে গত ২৭ ডিসেম্বর এ কমিটি গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
এর ধারাবাহিকতায় নবগঠিত আহ্বায়ক কমিটির প্রথম অধিবেশন ও পরিচিতি সভা আজ কিশোরগঞ্জ জেলা বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রাণবন্ত ও উৎসবঘন পরিবেশে আয়োজিত এ সভায় সংগঠনের নেতৃবৃন্দ ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সাংগঠনিক দিকনির্দেশনা নিয়ে মতবিনিময় করেন।
সভায় নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ উল্লাহ (সালামত) এবং সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিনকে সংগঠনের সহ-সভাপতিগণ ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত নেতাকর্মীরা নবগঠিত নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা ও সমর্থন ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক এম. এ. হানিফ, নয়ন দেবনাথ, মোঃ গোলাপ মিয়া, আল-আমিন, আমিনুল ইসলাম, মুনমুনসহ অন্যান্য যুগ্ম আহ্বায়কবৃন্দ। এছাড়াও সদস্য সেলিম জাবেদসহ আহ্বায়ক কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।
এছাড়া কিশোরগঞ্জ জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও সভায় উপস্থিত থেকে নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ফার্মেসী এসোসিয়েশন ফার্মেসী পেশাজীবীদের অধিকার সংরক্ষণ, পেশাগত উন্নয়ন এবং স্বাস্থ্যখাতে নৈতিকতা ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। কিশোরগঞ্জ জেলা শাখার নতুন এই আহ্বায়ক কমিটি জেলার ফার্মেসী পেশাজীবীদের মধ্যে ঐক্য ও সংগঠনের শক্তি আরও সুদৃঢ় করবে বলে তারা আশাবাদ প্রকাশ করেন।
বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে ফার্মেসী পেশাজীবীরা নানাবিধ সমস্যা ও চ্যালেঞ্জের মুখোমুখি। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সংগঠিত উদ্যোগ ও কার্যকর নেতৃত্ব অপরিহার্য। নবগঠিত কমিটির মাধ্যমে ফার্মেসী পেশাজীবীদের ন্যায্য দাবি আদায়ে কার্যকর ভূমিকা পালন করা সম্ভব হবে বলে তারা মত দেন।সভায় সভাপতি মোহাম্মদ উল্লাহ (সালামত) তাঁর বক্তব্যে বলেন, “আমরা সংগঠনের আদর্শকে ধারণ করে সকলকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। কিশোরগঞ্জ জেলার প্রতিটি ফার্মেসী পেশাজীবীর অধিকার ও মর্যাদা রক্ষায় এই কমিটি আন্তরিকভাবে কাজ করবে।”
সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন বলেন, “নিয়মতান্ত্রিক সাংগঠনিক কার্যক্রম, প্রশিক্ষণ ও পেশাগত সচেতনতা বৃদ্ধির মাধ্যমে কিশোরগঞ্জ জেলা শাখাকে একটি গতিশীল ও কার্যকর সংগঠনে পরিণত করাই আমাদের লক্ষ্য।”
সভা শেষে সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ঐক্য ও শৃঙ্খলার ভিত্তিতে নবগঠিত এই আহ্বায়ক কমিটি কিশোরগঞ্জে ফার্মেসী পেশাজীবীদের জন্য একটি শক্তিশালী ও নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে।
Reporter Name 


























