
কিশোরগঞ্জ প্রতিনিধি:
বিএনপির সিনিয়র নেতা ও আইনজীবী এডভোকেট ফজলুর রহমানের সাম্প্রতিক এক বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতারা। তার মন্তব্যকে “কুরুচিপূর্ণ ও রাজনৈতিকভাবে প্ররোচনামূলক” আখ্যা দিয়ে তারা কিশোরগঞ্জে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।বুধবার (১৩ আগস্ট) কিশোরগঞ্জ পাবলিক লাইব্রেরির দ্বিতীয় তলায় অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে বিপ্লবী ছাত্রজনতা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতৃবৃন্দ অংশ নেন।সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দ ও শহীদদের নিয়ে ফজলুর রহমান যে মন্তব্য করেছেন, তা “আন্দোলন ও শহীদের প্রতি চরম অবমাননাকর”। তারা দাবি করেন, এ বক্তব্যের মাধ্যমে তিনি “আওয়ামী ফ্যাসিবাদের ভাষা পুনরাবৃত্তি করেছেন” এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে “মিথ্যা মামলা” দিয়ে হয়রানির পাঁয়তারা করছেন।বক্তারা অভিযোগ করেন, বিএনপির অভ্যন্তরে একটি “মুজিববাদী ধারা” সক্রিয় রয়েছে, যারা আন্দোলনের প্রকৃত ইতিহাস বিকৃত করতে চায়। এ প্রসঙ্গে তারা ফজলুর রহমানের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তুলে তাকে বিএনপির উপদেষ্টা পরিষদ থেকে অব্যাহতির আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইকরাম হোসেন, সদস্য সচিব মো. ফয়সাল প্রিন্স, যুগ্ম আহ্বায়ক রাতুল নাহিদ ভূঁইয়া, মুখপাত্র মানস সরকার উৎস, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইয়াজ ইবনে জসিম, যুগ্ম সদস্য সচিব শামসুর রহমান, যুগ্ম মুখ্য সংগঠক তামিম ইকবাল, সদস্য আরিফুল ইসলাম রাফি, সদস্য মিয়াদ, ইটনা উপজেলার সদস্য সচিব দেলোয়ার নেওয়াজ, সরকারি মহিলা কলেজের সদস্য সচিব নুহা এবং সদস্য রওজা ও মাইসা প্রমুখ।সংগঠনটি ভবিষ্যতে জাতীয় পর্যায়ে আরও বৃহৎ কর্মসূচির ঘোষণা দিতে পারে বলেও সংবাদ সম্মেলনে ইঙ্গিত দেওয়া হয় ।
কিশোরগঞ্জ 












