
রনজিৎ সরকার রাজ, দিনাজপুর প্রতিনিধি:
দেশে জ্বালানি তেলের চলমান সংকটের মধ্যে দিনাজপুরে একটি বাড়িতে অবৈধভাবে মজুত রাখা ৩৮০ লিটার ডিজেল ও অকটেন জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় এক ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৮ মার্চ) দুপুরে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের ধনগাঁও বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা খাতুন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন ধনগাঁও গ্রামের জগদিশ রায়ের ছেলে পরিতোষ রায় (২৭)।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ধনগাঁও গ্রামের একটি বাড়িতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই বাড়িতে জারকিন ও বোতলে সংরক্ষিত ৩৫০ লিটার ডিজেল ও ৩০ লিটার অকটেন উদ্ধার করা হয়।
অবৈধভাবে বাড়িতে জ্বালানি তেল মজুত রাখার অভিযোগে পরিতোষ রায়কে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
পরে জব্দ করা তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রির ব্যবস্থা করা হয় এবং বিক্রিত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
এ বিষয়ে ইউএনও সুমা খাতুন জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে তেল মজুত ও কালোবাজারির বিরুদ্ধে প্রশাসনের কঠোর নজরদারি ও আইনগত ব্যবস্থা চলমান থাকবে।
Reporter Name 




























