নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মাসিক সম্মানী প্রদান করা হচ্ছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, এ পর্যন্ত ১২ হাজার ৮১০ জনকে এ ভাতা কর্মসূচির আওতায় আনা হয়েছে। তিনি আরও জানান, বর্তমানে দেশে কর্মরত ইমাম ও মুয়াজ্জিনের নির্দিষ্ট সংখ্যা সরকারের কাছে না থাকলেও ২০২০ সালের হিসাব অনুযায়ী দেশে প্রায় ৩ লাখ ৩১ হাজার ১২৫টি মসজিদ রয়েছে। সে হিসেবে ইমাম ও মুয়াজ্জিনের সংখ্যা প্রায় ৬ লাখ ৬২ হাজার ২৫০ জন হতে পারে।
তিনি জানান, ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা বিকাশে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম দেশের বিভিন্ন স্থানে বিস্তৃত করা হয়েছে। এছাড়া হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অধীনে মন্দিরভিত্তিক শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে, যা ৩০ জুন পর্যন্ত বাস্তবায়নাধীন।
ধর্মমন্ত্রী আরও বলেন, দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের পরিকল্পনার অংশ হিসেবে ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে ৩৪২টির কাজ সম্পন্ন হয়েছে এবং ১৮৬টির কাজ চলমান রয়েছে।
সংসদে তিনি আরও জানান, মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রমের শিক্ষকরা বর্তমানে মাসিক ৬ হাজার টাকা সম্মানী পাচ্ছেন, যা ২০২৯–৩০ অর্থবছরের মধ্যে ধাপে ধাপে ৭ হাজার ৫০০ টাকায় উন্নীত করা হবে।
হজ ব্যবস্থাপনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ২০২৬ সালে বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করেছেন, যা আগের বছরের তুলনায় প্রায় ৮ হাজার ৬০০ জন কম।
তিনি আরও জানান, গত এক বছরে ১৫১ দশমিক ১৭৯৫ একর ওয়াক্ফ জমি পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে।
Reporter Name 
























