মোঃ সাইফুল ইসলাম,
বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের দুইজন নিহত এবং একজন আহত হয়েছেন।
শনিবার (২৭ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে বালিয়াডাঙ্গী-নেকমরদ মহাসড়কের লোলপুকুর ডিএম স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার ১ নম্বর পাড়িয়া ইউনিয়নের বানাগাঁও গ্রামের ধীরেন সিংহের স্ত্রী সুধো বালা (৩৭) এবং তাঁর ছেলে সার্জেন সিংহ (২৬)। আহত হয়েছেন একই ইউনিয়নের বিনত সিংহের স্ত্রী মেজানি রানী, যিনি নিহত সুধো বালার বোন।
স্বজনরা জানান, একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে দুই বোন সার্জেন সিংহের মোটরসাইকেলে করে পীরগঞ্জ যাচ্ছিলেন। পথে লোলপুকুর ডিএম স্কুলের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সুধো বালার মৃত্যু হয় এবং গুরুতর আহত হন সার্জেন সিংহ ও মেজানি রানী।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। হাসপাতালে নেওয়ার পথে সার্জেন সিংহ মারা যান। আহত মেজানি রানী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং সার্জেন সিংহের হেলমেটও ভেঙে যায়। দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়।
খবর পেয়ে বালিয়াডাঙ্গী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয়রা ট্রাকের চালক ও হেলপারকে আটক করে বালিয়াডাঙ্গী থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Reporter Name 

























