
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:
নবীগঞ্জের আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী মো. মোবাশ্বির আলমের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন ‘প্রিয়জন গ্রুপ’। শিক্ষার্থীর যাতায়াত ও চিকিৎসা সহায়তার জন্য একটি অটোরিকশা ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৬ জুলাই) বিকেলে প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে এ সহায়তা প্রদান করা হয়। এতে প্রায় পৌনে পাঁচ লাখ টাকা ব্যয়ে অটোরিকশাটি দেওয়া হয় বলে আয়োজকরা জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট বারের আইনজীবী ও বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট মেহমেদ আবুল ফজল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট লন্ডনের সাবেক সভাপতি অধ্যাপক মোহাম্মদ আব্দুল হান্নান।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি চেয়ারম্যান আ.ক.ম ফখরুল ইসলাম কালাম, হবিগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির সহ-সভাপতি ও ডিরেক্টর শাহ মোস্তাকিম আলী প্রিন্স, লন্ডন প্রবাসী সমাজসেবক রহিম শাহ, অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইকবাল বাহার তালুকদার এবং সহকারী অধ্যাপক শরীফুল ইসলামসহ শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা ও চলাচল সহজ করতে এ ধরনের উদ্যোগ মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রবাসী সদস্যদের সহযোগিতায় ‘প্রিয়জন গ্রুপ’-এর এ উদ্যোগকে মানবতার দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন তারা।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়, যেখানে শিক্ষার্থী মোবাশ্বির আলমের সুস্থতা ও সফল জীবন কামনা করা হয়।
Reporter Name 






















