হংকংয়ের মডেল ও ইনফ্লুয়েন্সার অ্যাবি চোই হত্যা মামলার শুনানিতে তার হত্যাকাণ্ডের ভয়াবহ বিবরণ তুলে ধরেছে সরকারপক্ষ। অভিযোগপত্রের বর্ণনা অনুযায়ী, হত্যার পর তার দেহ খণ্ডিত করা হয় এবং কিছু অংশ একটি ভাড়া করা ফ্ল্যাটে লুকিয়ে রাখা হয়েছিল।
বুধবার হংকংয়ের হাইকোর্টে বহুল আলোচিত এ হত্যা মামলার বিচার শুরু হয়। মামলায় অ্যাবির সাবেক শ্বশুর কাও কুয়াং, সাবেক স্বামী অ্যালেক্স কুয়াং এবং সাবেক দেবর অ্যান্থনি কুয়াংসহ অভিযুক্তরা আদালতে নিজেদের নির্দোষ দাবি করেছেন। বিচারপ্রক্রিয়া প্রায় আট সপ্তাহ চলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সরকারপক্ষের কৌঁসুলি শার্লট ড্রেকট এসসি আদালতে জানান, অ্যাবির একটি বিলাসবহুল ফ্ল্যাটকে কেন্দ্র করে সাবেক শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে বিরোধের সূত্রপাত হয়। প্রায় ৭ কোটি ২০ লাখ হংকং ডলার মূল্যের ওই ফ্ল্যাটটি ২০২২ সালে বিক্রির উদ্যোগ নিয়েছিলেন অ্যাবি। এর আগে ২০১৯ সালে তিনি এটি প্রায় ৬ কোটি হংকং ডলারে কিনেছিলেন।
প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, একাধিক সম্পত্তি থাকলে যে বড় অঙ্কের স্ট্যাম্প ডিউটি দিতে হতো, তা এড়াতে ফ্ল্যাটটি কৌশলগতভাবে সাবেক শ্বশুর কাও কুয়াংয়ের নামে নিবন্ধন করা হয়েছিল। পরে অ্যাবি তাকে ওই ফ্ল্যাট থেকে সরিয়ে দেন। এরপর ফ্ল্যাটের মালিকানা ধরে রাখার উদ্দেশ্যে কাও কুয়াং তার দুই ছেলেকে নিয়ে হত্যার পরিকল্পনা করেন বলে অভিযোগ করেছে সরকারপক্ষ।
আদালতে অ্যাবির মাকে পাঠানো কিছু ব্যক্তিগত অডিও বার্তাও উপস্থাপন করা হয়। সেখানে তিনি সাবেক শ্বশুরবাড়ির সদস্যদের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং তাদের দীর্ঘদিন আর্থিক সহায়তা করার কথা জানান।
প্রসিকিউটর ড্রেকট নয় সদস্যের জুরিকে বলেন, হত্যাকাণ্ডের পরিকল্পনায় তিন আসামির প্রত্যেকেরই ভূমিকা ছিল বলে অভিযোগ রয়েছে। নির্জন একটি ফ্ল্যাট ভাড়া করা এবং অ্যাবিকে সেখানে নিয়ে যাওয়ার পরিকল্পনাও এর অংশ ছিল বলে আদালতে জানানো হয়।
ভাড়া করা ফ্ল্যাটে দেহাংশ উদ্ধার
মামলার নথি অনুযায়ী, ২০২৩ সালের ২১ ফেব্রুয়ারি ২৮ বছর বয়সী অ্যাবি চোই নিখোঁজ হন। তিন দিন পর হংকংয়ের তাই পো এলাকার একটি ভাড়া করা ফ্ল্যাট থেকে তার দেহের বিভিন্ন অংশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ওই ফ্ল্যাট থেকে মাংস কাটার যন্ত্র, বৈদ্যুতিক করাত ও রক্তমাখা পোশাক উদ্ধার করে। সেখানে সবজি ভর্তি একটি বড় পাত্রে তার মাথার খুলি পাওয়া যায় বলে মামলার বর্ণনায় উল্লেখ করা হয়েছে। ফ্ল্যাটের একটি ফ্রিজ থেকে তার দুই পা উদ্ধার করা হয়। শরীরের আরও কিছু অংশ অন্যত্র সরিয়ে ফেলা হয়েছিল বলে তদন্তকারীরা জানিয়েছিলেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থলে রক্তের চিহ্ন ও অন্যান্য আলামত মুছে ফেলারও চেষ্টা করা হয়েছিল।
ফ্যাশন দুনিয়ায় পরিচিত মুখ ছিলেন অ্যাবি
অ্যাবি চোই ধনী পরিবারে বেড়ে ওঠেন। ১৮ বছর বয়সে অ্যালেক্স কুয়াংকে বিয়ে করেন এবং তাদের দুটি সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও সাবেক স্বামীর পরিবারকে তিনি আর্থিকভাবে সহায়তা করতেন বলে আদালতে জানানো হয়েছে। পরবর্তীতে দ্বিতীয় সঙ্গীর সঙ্গে তার আরও দুটি সন্তান হয়।
ফ্যাশন দুনিয়ায় পরিচিত মুখ অ্যাবি নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে ফটোশুট ও আন্তর্জাতিক ফ্যাশন আয়োজনের ছবি প্রকাশ করতেন। মৃত্যুর কয়েক দিন আগেও তিনি প্যারিস ফ্যাশন উইকের একটি আয়োজনে অংশ নিয়েছিলেন।
আলোচিত এ হত্যা মামলার বিচার কার্যক্রম অব্যাহত রয়েছে। শুক্রবার সরকারপক্ষের পরবর্তী যুক্তি উপস্থাপনের কথা রয়েছে।
Reporter Name 



























