মোহাম্মাদ হেদায়েতুল্লাহ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর উচ্চ বিদ্যালয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, এসএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দিনব্যাপী বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
নাটঘর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহি উদ্দিন আহমেদ মহিন, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, উপজেলা যুবদল নেতা মনজুরুল আলম মজনু, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মফিজ উদ্দিন, সাধারণ সম্পাদক আবু হানিফ মোল্লাহ, উপজেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক মনিরুজ্জামান পল্টু, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মো. হাসান মেম্বার, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সফিকুল ইসলাম এবং সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন।
এ ছাড়া সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী ও যুবদল নেতা হৃদয় সওদাগর, ‘KRY’-এর কর্ণধার কামরুল ইসলাম এবং সাংবাদিক মমিনুল হক রুবেল।
আলোচনা পর্বে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও কর্ম নিয়ে আলোচনা করা হয়। পরে নজরুলের লেখা কবিতা ও গান পরিবেশনের পাশাপাশি নৃত্য ও পুতুল নাচ পরিবেশন করা হয়। এতে অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক আবহ তৈরি হয়।
অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
বক্তারা বলেন, কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টিকর্মে বাঙালির চেতনা, সাম্য ও মানবতার কথা উঠে এসেছে। নতুন প্রজন্মের কাছে নজরুলের জীবন, সাহিত্য ও আদর্শ তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
Reporter Name 


















