দেশে উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েল বা জেট এ-১-এর দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দামে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ১৮২ টাকা ৭১ পয়সা। আন্তর্জাতিক রুটের জন্য দাম পড়বে প্রতি লিটার ১ দশমিক ১৮৮২ মার্কিন ডলার।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্য ঘোষণা করে বিইআরসি। নতুন দাম বুধবার রাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।
বিইআরসি সচিব মো. নজরুল ইসলাম সরকারের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আন্তর্জাতিক বাজারে জেট এ-১-এর প্ল্যাটস মূল্যের গড় এবং একই সময়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি সেটেলমেন্টে ব্যবহৃত মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে জেট ফুয়েলের দাম সমন্বয় করা হয়েছে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ২২(খ) ও ৩৪ ধারায় দেওয়া ক্ষমতাবলে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ভোক্তাপর্যায়ে জেট এ-১-এর নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
জেট ফুয়েলের দাম বাড়ায় দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে বিমান পরিচালনার ব্যয়ও বাড়তে পারে।
Reporter Name 



























