
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৬০ জন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৪৮১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অক্টোবর মাসে ১৭৪ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
বুলেটিনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৯৬০ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৭ হাজার ৬২৮ জনে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫১ হাজার ২৩২ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৯২৪ জন। এ ছাড়া চট্টগ্রামে ২৬১ জন, খুলনায় ২২৪ জন, রাজশাহীতে ২১৬ জন, বরিশালে ১৮৫ জন, ময়মনসিংহে ৭৬ জন, রংপুরে ৬৩ জন এবং সিলেট বিভাগে ১১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
Reporter Name 




























