
দেশের প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থিক সক্ষমতা বাড়াতে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ ঋণ পেতে গ্রাহকদের ব্যাংকে যেতে হবে না। মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ঋণের আবেদন থেকে শুরু করে অর্থ গ্রহণ ও কিস্তি পরিশোধ—সবকিছুই সম্পন্ন করা যাবে ডিজিটাল পদ্ধতিতে।
বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগের আওতায় ১০০ কোটি টাকার একটি আবর্তনশীল তহবিল গঠন করা হয়েছে। এর মাধ্যমে ব্যাংকিং সেবার বাইরে থাকা গ্রামীণ জনগোষ্ঠী, প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দা, নারী উদ্যোক্তা, প্রতিবন্ধী ব্যক্তি, তৃতীয় লিঙ্গের মানুষ এবং ১৮ থেকে ২৫ বছর বয়সী শিক্ষার্থীরা ঋণ পাওয়ার সুযোগ পাবেন।
এ ঋণের অর্থ ক্ষুদ্র ব্যবসা, আত্মকর্মসংস্থান, শিক্ষা ও দক্ষতা উন্নয়নের কাজে ব্যবহার করা যাবে। সংশ্লিষ্টদের আশা, এ উদ্যোগের ফলে প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে এবং স্থানীয় অর্থনীতি আরও গতিশীল হবে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) সাবেক মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী মনে করেন, প্রান্তিক জনগোষ্ঠীর অনেক ঋণগ্রহীতাই ঋণ পরিশোধের ব্যাপারে আন্তরিক। প্রয়োজনে নিজেদের সম্পদ বিক্রি করেও তাঁরা ঋণ পরিশোধ করেন। তাই এ জনগোষ্ঠীকে ঋণ প্রদানের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া উচিত।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, শুরুতে ১০ হাজার টাকা ঋণ দিয়ে গ্রাহকদের সক্ষমতা ও আত্মবিশ্বাস বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে ঋণের সীমা ধাপে ধাপে ২০ হাজার, ৩০ হাজার হয়ে বর্তমানে সর্বোচ্চ ৫০ হাজার টাকায় উন্নীত হয়েছে।
তিনি আরও জানান, এ উদ্যোগের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এ ঋণের সর্বোচ্চ মেয়াদ ১২ মাস এবং সুদ বা মুনাফার হার সর্বোচ্চ ৯ শতাংশ। একই সঙ্গে এ কর্মসূচির মাধ্যমে দেশে ডিজিটাল ব্যাংকিং সেবার ব্যবহারও বাড়বে বলে আশা করা হচ্ছে।
তবে ঋণ গ্রহণের আগে সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ পাওয়ার যোগ্যতা, শর্তাবলি ও পরিশোধের নিয়ম জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
Reporter Name 




























