প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাটে প্রায় ৬ হাজার মানুষকে বিনামূল্যে চোখের চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) দিনব্যাপী হালুয়াঘাট শহীদ স্মৃতি সরকারি ডিগ্রি কলেজ মাঠে এ চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।
ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য সালমান ওমরের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে চিকিৎসাসেবা দেন বিএনএসবি চক্ষু হাসপাতালের একদল চিকিৎসক।
ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সালমান ওমর বলেন, ২০১২ সাল থেকে তিনি হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছেন। এ পর্যন্ত প্রায় ৮০ হাজার মানুষকে এ কার্যক্রমের আওতায় চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে প্রায় ৭ হাজার মানুষের ছানি অস্ত্রোপচার করা হয়েছে এবং ৫ হাজার মানুষকে বিনামূল্যে চশমা দেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘এই চক্ষু চিকিৎসা কার্যক্রম কখনো কোনো নির্দিষ্ট দলের মানুষের জন্য ছিল না। আমি একটি রাজনৈতিক দলের কর্মী হিসেবে কাজ করলেও চিকিৎসাসেবা দেওয়ার ক্ষেত্রে কখনো কাউকে জিজ্ঞাসা করিনি, তিনি কোন দলের বা কোন এলাকার মানুষ। হালুয়াঘাট ও ধোবাউড়ার পাশাপাশি আশপাশের বিভিন্ন উপজেলার মানুষও এখানে চিকিৎসা নিতে এসেছেন। আমার মূল লক্ষ্য ছিল এলাকার মানুষের সেবা করা।’
সালমান ওমর আরও বলেন, ভালো কাজ শুরু করতে গেলে নানা বাধার মুখে পড়তে হয়। চক্ষু ক্যাম্পের কার্যক্রম শুরুর সময়ও অনেকে বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়েছেন। তবে মানুষের ভালোবাসা ও সহযোগিতায় তাঁরা কার্যক্রম চালিয়ে যেতে পেরেছেন।
তিনি বলেন, ‘সংসদ সদস্য হওয়ার আগে যা করেছি, এখনো তা-ই করছি। আমার এই কাজের মেয়াদ হয়তো পাঁচ বছর। এরপর সংসদ সদস্য থাকব কি না, জানি না। তবে আপনাদের সন্তান, ভাই ও বন্ধু হিসেবে সারা জীবন পাশে থাকতে চাই।’
শিশুদের চোখের সমস্যা দ্রুত শনাক্ত করতে বিদ্যালয় পর্যায়ে চিকিৎসাসেবা চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।
সালমান ওমর বলেন, আগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিশুদের চোখ পরীক্ষা করার কার্যক্রম শুরু করেছিলেন। কিন্তু নানা প্রতিবন্ধকতায় তা বন্ধ হয়ে যায়। এখন আবার এ কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে বিএনএসবি চক্ষু হাসপাতালের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা হয়েছে।
উদ্যোগটি বাস্তবায়িত হলে হালুয়াঘাট ও ধোবাউড়ার প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে শিক্ষার্থীদের চোখ পরীক্ষা করা সম্ভব হবে। এতে শিশুদের চোখের সমস্যা প্রাথমিক পর্যায়েই শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা যাবে।
Reporter Name 



























