চাঁদপুরের কচুয়ায় চালু হয়েছে দেশের প্রথম প্রকৃতির পাঠশালা। শিশুদের প্রকৃতির সঙ্গে পরিচিত করে মানবিক ও সচেতন মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে পাঠশালাটির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। উদ্বোধন শেষে তিনি বলেন, প্রকৃতির আচরণ থেকে শিশুদের শিখতে হবে। আগামীর বাংলাদেশ বিনির্মাণে তারা কেমন শিক্ষা গ্রহণ করবে, তা নির্ধারণে প্রকৃতির ভূমিকা গুরুত্বপূর্ণ।
শিক্ষামন্ত্রী বলেন, গাছগাছালি, ফুল, ফল, বৃষ্টি ও ঝিঁঝি পোকার ডাকের সঙ্গে পরিচিত হয়েই শিশুদের বেড়ে উঠতে হবে। প্রকৃতির পাঠশালা সারাদেশে ছড়িয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, যে শিশু প্রকৃতির সঙ্গে মিশে বেড়ে ওঠে, সে মানবিক মানুষ হয়ে ওঠে। দেশের জন্য তার হৃদয় ব্যাকুল থাকে। তাই এমন একটি দেশ গড়তে চান, যেখানে শিশুরা ছোটবেলা থেকেই নিজেদের গড়ে তোলার সুযোগ পাবে।
অনুষ্ঠানে প্রকৃতির পাঠশালার উদ্যোক্তা ও জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়সহ প্রশাসন ও শিক্ষা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারাই ঠিক করবে নিজেদের কীভাবে গড়ে তুলবে। শিশুদের সেই স্বপ্নকে আলোকিত করার লক্ষ্য নিয়েই প্রকৃতির পাঠশালা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
জানা গেছে, কচুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে সাত লাখ টাকা ব্যয়ে পাঠশালাটি নির্মাণ করা হয়েছে।
Reporter Name 























