
আবুনাঈম রিপন, নরসিংদী: নরসিংদীতে পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলমের সভাপতিত্বে জেলা পুলিশ কনফারেন্স কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পুলিশ সুপার জানান, নরসিংদীতে পুলিশ টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়া চুরি, ছিনতাই ও মাদক উদ্ধারে নিয়মিত অভিযান চলমান রয়েছে।
২৩ সেপ্টেম্বর মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে পুলিশ সুপার বলেন, জেলার আইনশৃঙ্খলা উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। “সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সাংবাদিকদের ভূমিকা রয়েছে। আপনারা সবসময় বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করবেন,” তিনি বলেন।
পুলিশ সুপার আরও জানান, চলতি মাসে জেলায় পৃথক পৃথক পাঁচটি ঘটনায় সাতজনের খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে পারিবারিক দ্বন্দ্বে তিনজন, ব্যবসায়িক দ্বন্দ্বে একজন এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিনজন খুন হয়েছে। এ সংক্রান্ত মোট ছয়টি মামলা দায়ের করা হয়েছে এবং ইতিমধ্যে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশী অভিযান চলমান রয়েছে।

তিনি বলেন, “আমরা কাজ করছি, জনগণের সঙ্গে কথা বলছি এবং কোথায় কী সমস্যার কারণে ঘটনা ঘটছে তা বোঝার চেষ্টা করছি। জেলার কোথায় কোন ধরনের অপরাধ সংঘটিত হয়, তা রোধেও কাজ করছি। সবার সহযোগিতা নিয়ে আমরা একটি শান্তিপূর্ণ জেলা গড়তে চাই। জেলা প্রশাসন, সেনাবাহিনী ও অন্যান্য সংস্থা আমাদের সহযোগিতা করছে, এবং সাংবাদিকদেরও সহযোগিতা কামনা করছি। এছাড়া সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা প্রয়োজন।”
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ কলিমুল্লাহ এবং অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বক্তব্য রাখেন। সাংবাদিকদের মধ্যে নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়, আব্দুর রহমান ভূইয়া, মাখন দাস, সাধারণ সম্পাদক মোবারক হোসেন, সাবেক সাধারণ সম্পাদক এম এ আওয়াল এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
আবুনাঈম রিপন, নরসিংদী 



























