আব্দুল্লাহ আল মামুন,
হরিণাকুন্ডু প্রতিনিধি:
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৩০ পিস ইয়াবাসহ রিপন হোসেন (৩৫) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের সরদারপাড়ার বাসিন্দা মো. মুনির আলীর ছেলে রিপন হোসেনকে আটক করা হয়।
ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রিপন হোসেন রঘুনাথপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের রানিং সাধারণ সম্পাদক। তবে তার রাজনৈতিক পরিচয় ও অতীত কর্মকাণ্ড সম্পর্কে স্থানীয়দের যে দাবি রয়েছে, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এ বিষয়ে ঝিনাইদহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃত রিপন হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশ ও ডিবি পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অনুযায়ী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Reporter Name 
























