
নওগাঁ ডিবি পুলিশের ওসি মোস্তাফিজ হাসান সড়ক দুর্ঘটনায় নিহত ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। না ফেরার দেশে চলে গেলেন নওগাঁ ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজ হাসান।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টা ৪৫ মিনিটে গাজীপুর পুলিশ লাইন্স এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী বাস তাদের ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন মোস্তাফিজ হাসান ও তার স্ত্রী। স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় তার স্ত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোস্তাফিজ হাসান এর আগে বগুড়া জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ছিলেন। তিনি বগুড়া ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন নিঃসন্তান। তবে মানবিক গুণাবলীর কারণে সহকর্মী ও এলাকাবাসীর কাছে ছিলেন অত্যন্ত প্রিয়। অসংখ্য এতিম, অনাথ ও দুঃস্থ শিশুকে তিনি লালন-পালন করেছেন এবং তাদের বিবাহ পর্যন্ত দায়িত্ব পালন করেছেন।
তার এই অকাল মৃত্যুতে পুলিশ বাহিনীসহ সর্বস্তরের মানুষ শোকাহত। সহকর্মী, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীরা তার আত্মার মাগফিরাত কামনা করেছেন।
Reporter Name 






















