বাবা নিখোঁজ হওয়ার দীর্ঘ অপেক্ষা ও অনিশ্চয়তার মধ্যেই এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সাদমান শিহাব। তার এই সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সাদমানের জন্য ফুল, মিষ্টি ও গল্পের বই উপহার পাঠানো হয়েছে।
সাদমান শিহাব রাজধানীর সূত্রাপুর থানা ছাত্রদলের নেতা খালেদ হাসান সোহেলের ছেলে। ২০১৩ সালের ২৮ নভেম্বর পুরান ঢাকা এলাকা থেকে নিখোঁজ হন তার বাবা। এরপর এক যুগের বেশি সময় পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান মেলেনি।
সোমবার (১০ আগস্ট) এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর সাদমানের ফলাফলের বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। পরে তার নির্দেশনায় সাদমানের জন্য উপহার পাঠানোর উদ্যোগ নেওয়া হয়।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধিদল পুরান ঢাকার বাংলাবাজারে সাদমানের বাসায় যায়। সেখানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার হাতে ফুল, মিষ্টি ও গল্পের বই তুলে দেওয়া হয়।
এ সময় সাদমানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে প্রধানমন্ত্রীর একটি বিশেষ বার্তাও তার পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়।
বাবার অপেক্ষার মধ্যেই সন্তানের সাফল্য
সাদমানের এসএসসি পাসের আনন্দের সঙ্গে মিশে আছে দীর্ঘ অপেক্ষা ও বেদনার স্মৃতি। পরিবারের দাবি, ২০১৩ সালের ২৮ নভেম্বর সাদমানের বাবা খালেদ হাসান সোহেলকে রাজধানীর পুরান ঢাকা এলাকা থেকে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়।
এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সোহেলের সন্ধান না পাওয়ায় পরিবারটি এখনও অনিশ্চয়তার মধ্যে রয়েছে।
বাবার অনুপস্থিতির মধ্যেই পড়াশোনা চালিয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সাদমান। তার এই সাফল্যে পরিবারের সদস্যদের পাশাপাশি শুভাকাঙ্ক্ষীরাও তাকে অভিনন্দন জানিয়েছেন।
Reporter Name 



























