নরসিংদীর রায়পুরায় সার ব্যবস্থাপনা ও বিক্রয় কার্যক্রম মনিটরিংয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক সার ডিলারকে ৩০ হাজার টাকা এবং দুই দোকানিকে ৩ হাজার টাকা করে মোট ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ৫ হাজার ৬৩২ টাকা মূল্যের ২১০ কেজি সার জব্দ করা হয়। পরে জব্দ করা সার স্পট নিলামের মাধ্যমে ন্যায্য মূল্যে স্থানীয়দের মধ্যে বিক্রি করে দেওয়া হয়।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার লোচনপুরা ও জঙ্গি শিবপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা ফিরুজ আলম, হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানে পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান বলেন, “সার ফসল উৎপাদনে বিশেষ গুরুত্ব বহন করে। কৃষি মন্ত্রণালয় সবসময় সারে ভর্তুকি দিয়ে থাকে। ভর্তুকির পণ্যে যাতে কোনো অনিয়ম না হয়, তারই অংশ হিসেবে আজ বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। যাতে সারের কোনো কৃত্রিম সংকট সৃষ্টি না হয়, সে জন্য নিয়মিত মনিটরিং করা হচ্ছে। নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা বলেন, “দেশের বিভিন্ন প্রান্তে সার নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে, সে বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিভিন্ন বাজারে সার ডিলার ও দোকান পরিদর্শন এবং সঠিক তদারকির মাধ্যমে বাজার ব্যবস্থাপনা সুষ্ঠু রাখার লক্ষ্যে আজ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।”
তিনি বলেন, “এক সার ডিলারকে ৩০ হাজার টাকা এবং দুই দোকানিকে ৩ হাজার টাকা করে মোট ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ৫ হাজার ৬৩২ টাকা মূল্যের ২১০ কেজি সার জব্দ করা হয়। পরে জব্দ করা সার স্পট নিলামের মাধ্যমে ন্যায্য মূল্যে স্থানীয়দের মধ্যে বিক্রি করে দেওয়া হয়েছে।”
Reporter Name 



























