
মিরু হাসান, বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘিতে থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক, সাজাপ্রাপ্ত আসামি এবং অসামাজিক ও ধর্তব্য অপরাধে জড়িত থাকার অভিযোগে নারীসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) রাতে আদমদীঘি থানা পুলিশ ও সান্তাহার টাউন ফাঁড়ির সদস্যরা পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন। পরে মঙ্গলবার (২৮ জুলাই) গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, আদমদীঘি উপজেলার কুসম্বী এলাকায় অভিযান চালিয়ে কুসম্বী পূর্বপাড়ার মৃত মোজাম্মেল মন্ডলের ছেলে ফেরদৌস হাসানকে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে, আদালতের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে সান্তাহার চা বাগান সিভিল কলোনি এলাকার ছাইফুল ইসলামের ছেলে শাহিন আলীকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া সান্তাহার পৌর শহরে পরিচালিত আরেক অভিযানে মাদক, অসামাজিক ও ধর্তব্য অপরাধে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন—সান্তাহার চা বাগান এলাকার মিনহাজ আলীর স্ত্রী জুলি বেগম, সান্তাহার নতুন বাজার হাটখোলা এলাকার মৃত মোতালেব হোসেনের মেয়ে রমনা বেগম লাইলী, নওগাঁর মধ্য দুর্গাপুর এলাকার আব্দুর রশিদের মেয়ে রেখা মুনি, বগুড়া সদরের ঘোলাগাড়ী পশ্চিমপাড়া এলাকার মৃত তোজামের মেয়ে নুর জাহান বেগম, নওগাঁ নিউ সাহাপুর এলাকার ফরিদ হোসেনের ছেলে রমজান আলী এবং আজিজার রহমান।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া জানান, বিশেষ অভিযানে গ্রেপ্তার হওয়া ৪ নারীসহ মোট ৮ জনকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। মাদক ও অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Reporter Name 



























