রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়া সুগার মিলের পরিত্যক্ত কোয়ার্টার থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৬ মে) বিকেলের দিকে শহরতলীর জগতি এলাকায় সুগার মিলের পরিত্যক্ত কোয়ার্টার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই নারীর নাম-পরিচয় ও রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।
জানা গেছে, বুধবার (৬ মে) বিকাল ৩টার দিকে স্থানীয় বাসিন্দারা মিলটির পরিত্যক্ত কোয়ার্টারের মধ্যে অর্ধগলিত অবস্থায় পড়ে থাকা এক নারীর মরদেহ দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, “নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ।”
Reporter Name 






















