
চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে ফরিদপুরের চরভদ্রাসনে পর্দা উঠল দেশব্যাপী আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনা স্টেডিয়াম থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে দেশজুড়ে একযোগে এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান।
কেন্দ্রীয় উদ্বোধনের সাথে সঙ্গতি রেখে চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় পর্যায়ে এক প্রাণবন্ত উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভের সভাপতিত্বে এতে প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা কেবল শারীরিক কসরত বা নিছক বিনোদনের মাধ্যম নয়; এটি তরুণ প্রজন্মের আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে অনন্য ভূমিকা রাখে। বিশেষ করে আজকের তরুণ সমাজকে মাদক ও ডিজিটাল আসক্তির মতো সামাজিক ব্যাধি থেকে দূরে রেখে সুস্থ ও সৃজনশীল ধারায় ধরে রাখতে নিয়মিত ক্রীড়াচর্চার কোনো বিকল্প নেই। তৃণমূল পর্যায় থেকে জাতীয় ও আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তুলে আনতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সেলিম খান এবং চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মোঃ সফর আলীর পক্ষে উপ-পরিদর্শক (এসআই) রিপন।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আব্দুস সালাম মোল্লা, উপজেলা বিএনপি প্রস্তুতি কমিটির আহ্বায়ক ওহীদুজ্জামান মোল্লা, সদস্য সচিব আব্দুল কুদ্দুস বাদশা, সাবেক সভাপতি শাহজাহান শিকদার, উপজেলা যুবদলের সভাপতি মোজাফফর হোসেন জাফর, গাজিরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী, চর ঝাওকান্দার ইউ পি চেয়ারম্যান বদরুজ্জামান বদু মৃধাসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এই আয়োজন চরভদ্রাসনের ক্রীড়াঙ্গনে নতুন প্রাণের সঞ্চার করবে এবং স্থানীয় শিশু-কিশোর ও তরুণদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করবে—এমন প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠান শেষ হয়।
Reporter Name 





















