যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে চলন্ত একটি গাড়ির বনেটের নিচ থেকে প্রায় পাঁচ ফুট লম্বা একটি সাপ বেরিয়ে আসার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গাড়িতে থাকা এক নারী ও তাঁর পরিবারের সদস্যরা হঠাৎ সাপটি দেখতে পেয়ে ভীত হয়ে পড়েন।
ঘটনাটি ঘটে টেনেসির মাউন্ট জুলিয়েট এলাকায়। ওই নারী পরিবারের সদস্যদের সঙ্গে ছোট মেয়ের জন্য ফুটবলের সরঞ্জাম কিনতে যাচ্ছিলেন। পথের মধ্যে গাড়ির বনেটের ওপর অস্বাভাবিক কিছু দেখতে পান তিনি। প্রথমে বিষয়টি দেখে তাঁর মনে হয়, বনেটের ওপর হয়তো বড় কোনো সাপ রয়েছে। পরে তাঁর স্বামীও বিষয়টি লক্ষ্য করে নিশ্চিত হন যে সেটি সত্যিই একটি সাপ।
সাপটি দেখতে পাওয়ার পর পরিবারের সদস্যরা গাড়িটি রাস্তার পাশে থামিয়ে সেটিকে সরানোর চেষ্টা করেন। তবে গাড়ি পুরোপুরি থামার আগেই সাপটি লাফ দিয়ে সরে যায়। পুরো ঘটনাটি ওই নারী ভিডিওতে ধারণ করেন।
ভিডিওটি পরে টেনেসি ওয়াইল্ডলাইফ রিসোর্সেস এজেন্সির জীববৈচিত্র্য বিশেষজ্ঞ ম্যালোরি টেটকে দেখানো হয়। ভিডিও দেখে তিনি জানান, সাপটি সম্ভবত ‘গ্রে র্যাট স্নেক’ বা ধূসর ইঁদুর সাপ। এই প্রজাতির সাপ বিষধর নয় এবং টেনেসিতে এটি বেশ সাধারণ।
বিশেষজ্ঞের মতে, সাপটি বিষধর না হওয়ায় পরিবারের সদস্যদের জন্য বড় ধরনের বিপদের আশঙ্কা ছিল না। তবে চলন্ত গাড়ির বনেটের ওপর এমন একটি সাপের উপস্থিতি যে যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি করবে, সেটিই স্বাভাবিক।
চলন্ত গাড়ির বনেট বা উইন্ডস্ক্রিনে সাপ উঠে আসার ঘটনা অবশ্য নতুন নয়। এর আগেও যুক্তরাষ্ট্রে এমন ঘটনা ঘটেছে। ২০২৩ সালে ওকলাহোমার দ্য ভিলেজ এলাকায় চলন্ত একটি গাড়িতে সাপ উঠে আসার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটিকে নিরাপদে উদ্ধার করে অন্যত্র ছেড়ে দেয়।
Reporter Name 





















