
ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা ও নৌকাবাইচ বন্ধ হয়ে যাওয়ার প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কাছে গত ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধারে সরকারের সাফল্য নিয়ে প্রশ্ন তুলেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম কার্যদিবসে সম্পূরক প্রশ্নে তিনি জানতে চান, স্বরাষ্ট্রমন্ত্রী গত ছয় মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধার ও আইনের শাসন প্রতিষ্ঠায় পর্যাপ্ত ভূমিকা রাখতে পেরেছেন কি না, নাকি তিনি ব্যর্থ হয়েছেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, “ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা বন্ধ করে দেওয়া হয়েছে। নৌকাবাইচও বন্ধ করে দেওয়া হয়েছে। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াকে একটি সাংস্কৃতিক জেলা হিসেবে উল্লেখ করেছেন।”
তিনি আরও বলেন, “সেই জেলায় গান-বাজনা, সিনেমা নাকি বন্ধের মতোই। এই ছয় মাসে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন রিস্টোর করতে পেরেছেন কি না? এবং আইনের শাসন প্রতিষ্ঠিত করতে তিনি পর্যাপ্ত ভূমিকা রাখতে পেরেছেন কি না? নাকি তিনি ব্যর্থ হয়েছেন?”
‘এটা প্রশ্ন, না পল্টনের বক্তৃতা—বুঝতে পারিনি’
জবাব দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, “এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা—বুঝতে পারিনি।”
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকার সফল হয়েছে কি না, সেটি একটি বিষয়। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ায় সিনেমা হল না থাকার বিষয়টি সম্পূর্ণ আলাদা প্রশ্ন।
হাসনাতের বক্তব্যে উল্লেখ করা হত্যা ও আহতের পরিসংখ্যান নিয়েও প্রশ্ন তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “কত হত্যা হয়েছে, জখম হয়েছে ইত্যাদি যে ডাটা দিলেন, সেই ডাটাটা কীসের ভিত্তিতে দিলেন, কী পরিসংখ্যানের ভিত্তিতে দিলেন—সেই স্ট্যাটিস্টিক্সটা আমি জানি না।”
‘অপরাধীরা ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার’
স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং তা দৃশ্যমান। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সংঘটিত বিভিন্ন অপরাধের ঘটনায় ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে বলেও তিনি দাবি করেন।
তিনি বলেন, কোনো নির্দিষ্ট ঘটনার বিষয়ে সংসদ সদস্যরা প্রশ্ন তুললে সংসদের ৩০০ বিধিতে সে বিষয়ে বিবৃতি দেওয়ার সুযোগ রয়েছে।
সামাজিক চাহিদার ভিত্তিতে আলোচিত ও অনালোচিত বিভিন্ন অপরাধের বিচার দ্রুত সম্পন্ন করতে সরকার সহযোগিতা করছে বলেও জানান তিনি। তবে বিচার করার মূল দায়িত্ব বিচার বিভাগের—এ কথাও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
‘কোথায় ব্যর্থতা আছে, বলতে হবে’
রামিসা থেকে রংপুরের সাম্প্রতিক চারটি হত্যাকাণ্ড পর্যন্ত বিভিন্ন ঘটনায় পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুততম সময়ে আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে বলে দাবি করেন সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, “এখানে কোথায় কী ব্যর্থতা আছে, বলতে হবে। আইন রক্ষাকারী বাহিনী ব্যর্থ হয়েছে বা এই সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পারেনি—এগুলো বক্তব্যে চলে। এটা সংসদ। সংসদে তথ্যভিত্তিক কথা বলতে হবে।”
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কোনো নির্দিষ্ট ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যর্থ হয়েছে কি না, সে বিষয়ে নোটিশ দেওয়া হলে সংসদে তা নিয়ে বিস্তারিত বিতর্ক করা যাবে।
Reporter Name 


























