
বাদশা সেকেন্দার ভুট্টো,ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
আন্দোলনকারীদের অভিযোগের তীর রাশেদুজ্জামান রাশেদ ও সাকিল প্রধান দিকে।
ডিমলা উপজেলা পরিষদ হলরুমে ১৮ আগস্ট (সোমবার) বিকালে জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ আর ক্ষোভে উত্তপ্ত হয়ে উঠলো ডিমলা উপজেলা প্রশাসন ও আন্দোলনকারীদের মধ্যকার আলোচনা সভা।

বিকেল সাড়ে তিনটা থেকে শুরু হয়ে প্রায় আড়াই ঘণ্টা টানা চলা এ সভা শেষ হয় সন্ধ্যা ছয়টার দিকে।
সভায় ছাত্র প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডিমলা উপজেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল আলম সরকার, সদস্য সচিব মোঃ তুষার ইমরান, মুখ্য সংগঠক মাসুদ ইসলাম, জেলা যুগ্ম সদস্য সচিব (ডিমলা প্রতিনিধি) মাহফুজার রহমান, মেহরাজ চৌধুরী মাহিন, শাহরিয়ার বসুনিয়া সানি, রাব্বি, রানা, শুভসহ প্রায় দেড় শতাধিক আন্দোলনকারী।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক সাইদুজ্জামান বাবু, ডিমলা উপজেলা নির্বাহী অফিসার ইমরানুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না প্রমুখ।
আন্দোলনকারীদের অভিযোগ
সভায় শিক্ষার্থীরা একে একে অভিযোগের ঝাঁপি খোলেন।
মাহফুজার রহমান অভিযোগ করেন, “জুলাইকে কেন্দ্র করে কয়েকজন নামধারী ছাত্রনেতা এলাকায় আধিপত্য সৃষ্টি করেছে। অথচ দায়ভার এসে পড়ছে প্রকৃত আন্দোলনকারীদের উপর। এর ফলে জনমনে বিদ্রুপমূলক প্রতিক্রিয়া তৈরি হচ্ছে।”
আন্দোলনকারী রাব্বি বলেন, “তথাকথিত ছাত্রনেতারা প্রশাসনের সহায়তায় ইউনিয়নে মব সৃষ্টি করছে, ইউনিয়ন প্রতিনিধিদের কণ্ঠরোধ করছে। এর নেতিবাচক প্রভাব আমাদের উপর এসে পড়ছে।”
সাবেক সদস্য সচিব মোঃ তুষার ইমরান অভিযোগ করে বলেন, “৫ আগস্টের পর হাতেগোনা কয়েকজন প্রশাসনের সহায়তা নিয়ে নিজেদের জুলাই ছাত্র প্রতিনিধি দাবি করছে। তারা আমাদের মাথা বিক্রি করছে, এলাকায় পরিবারতন্ত্র কায়েম করছে এবং আন্দোলনকারীদের মধ্যে বিভাজন তৈরি করছে। প্রশাসনের সাথে তাদের অতি-সুসম্পর্ক আমাদের জন্য অশনীসংকেত।”
শাহরিয়ার বসুনিয়া সানি প্রশ্ন তোলেন, “প্রশাসন সুবিধাবাজদের দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির মতো পদে বসাচ্ছে। এটা কি তবে উপজেলার সংস্কার?”
অভিযোগের নতুন লক্ষ্য
আলোচনার এক পর্যায়ে শিক্ষার্থীদের ক্ষোভ ঘুরে যায় সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র রাশেদুজ্জামান রাশেদ এবং জেলা যুগ্ম আহ্বায়ক সাকিল প্রধান দিকে।
উপস্থিতিরা জানান, আন্দোলনকারীরা তাদের প্রতি বেশ ক্ষুব্ধ।
প্রশাসনের সমালোচনা
এছাড়াও গত ৫ আগস্ট “জুলাই গণঅভ্যুত্থান দিবস”-এ উপজেলা প্রশাসনের আয়োজিত কর্মসূচিতে প্রকৃত আন্দোলনকারীদের উপেক্ষা করার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করে ছাত্ররা।
বাদশা সেকেন্দার ভুট্টো 

























