
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে কাভার্ডভ্যান বিকল হয়ে প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার বাসযাত্রী, ট্রাকচালক ও পরিবহনের সহকারীরা।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে দাউদকান্দি এলাকায় মেঘনা-গোমতী সেতুর ঢালে একটি কাভার্ডভ্যান বিকল হয়ে পড়ে। এতে মহাসড়কের কুমিল্লামুখী লেনে যান চলাচল ব্যাহত হয়। ধীরে ধীরে যানবাহনের দীর্ঘ সারি গজারিয়া অংশে প্রায় ১৩ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়।
দীর্ঘ সময় যানজটে আটকে থাকায় যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে দূরপাল্লার বাসযাত্রীরা নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন না।
সর্বশেষ খবর অনুযায়ী, যানজট কিছুটা কমলেও মহাসড়কে এখনো যানবাহন ধীরগতিতে চলাচল করছে।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, দাউদকান্দি এলাকায় মেঘনা-গোমতী সেতুর ঢালে একটি কাভার্ডভ্যান বিকল হয়ে পড়ায় এ যানজটের সৃষ্টি হয়েছে।
মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতা অব্যাহত রয়েছে।
Reporter Name 






















