পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ৪ নং শালবাহান ইউনিয়নের বসন্তজোত ও বালাবাড়ি এলাকায় এলজিইডি নির্মিত পাকা রাস্তায় বড় ফাটল দেখা দিয়েছে। বৃষ্টির কারণে প্রবল স্রোতের প্রভাবে ফাটল তৈরি হওয়ায় স্থানীয়রা বিপাকে পড়েছেন।শালবাহান বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সোহরাব আলী জানান, মহাসড়কটি এখন ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে। দীর্ঘদিন সংস্কার না করা এবং নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সংশ্লিষ্ট বিভাগের গাফিলতি রয়েছে বলে তিনি মন্তব্য করেছেন।

গত কয়েকদিনের অতি বৃষ্টিতে ভারত থেকে নেমে আসা ঢলের পানির চাপ তুলশিয়াবিল খাল থেকে ডাহুক নদীতে প্রবাহিত হচ্ছে। এতে খালসংলগ্ন রাস্তার প্রায় ৫০ মিটার এলাকায় ফাটল দেখা দিয়েছে। স্থানীয়রা সতর্ক করেছেন, দ্রুত সংস্কার না হলে রাস্তার আরও বড় অংশ ভেঙে পড়তে পারে, যা যোগাযোগ ব্যবস্থায় মারাত্মক বিপর্যয় সৃষ্টি করবে।পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এবং সহকারী তোফায়েল আহাম্মদ সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেছেন।শালবাহান ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম জানিয়েছেন, সরজমিন পরিদর্শনের পর দ্রুত রাস্তাটি সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।দ্রুততম সময়ের মধ্যে রাস্তাটি সংস্কার করা না হলে জনসাধারণের চলাচল ব্যাহত হবে।
পঞ্চগড় জেলা 


























