
২৪ আগস্ট রবিবার প্রতি বছরের ন্যায় এবারও ১০তম ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫-এর তৃতীয় দিনে খেলতে নামে দিপু ট্রেডার্স একাদশ। ঠাকুরগাঁও বনাম লালবাগ ফুটবল একাদশে দিনাজপুরের লালবাগ দল ০-৩ গোলে পরাজিত হয় এবং দিপু ট্রেডার্স একাদশ কোয়ার্টার ফাইনালে নিজের স্থান নিশ্চিত করে।
খেলার উদ্বোধন করেন জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি ও দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক রুবেল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেম্বারের পরিচালক শামীম কবির অপু এবং জগতপুর ডিগ্রী কলেজ বিরলের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান পলাশ।
খেলার শুরুতে স্বাগত বক্তব্য দেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক, জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সদস্য ও সাবেক পৌরসভার প্যানেল চেয়ারম্যান রেহাতুল ইসলাম খোকা। শুভেচ্ছা বক্তব্য রাখেন ফুটবল টুর্নামেন্ট উপ-কমিটির আহ্বায়ক সৈয়দ শপু আহমেদ ও সদস্য সচিব হুমায়ুন কবির আপেল।
প্রধান অতিথি রুবেল ইসলাম বলেন, যথেষ্ট কষ্ট করে সাবেক প্যানেল মেয়র রেহাতুল ইসলাম খোকা এই ফুটবল টুর্নামেন্ট চালিয়ে যাচ্ছেন। তিনি দিনাজপুরবাসীর কাছে অনুরোধ করেন খেলার সাথে যুক্ত থাকার এবং সন্তানদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলায় সম্পৃক্ত করার জন্য।
খেলা পরিচালনা করেন লালমুনিরহাট থেকে আগত রেফারী মোঃ সামসুজ্জামান বাবু, ওবায়দুর রহমান, মতিউর রহমান ও মোস্তাফিকুর রহমান। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক রেহাতুল ইসলাম খোকা জানান, প্রতি বছরের মতো এবারও ১০ম ওয়ার্ড কাউন্সিলর ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। যুব সমাজকে বাজে নেশা থেকে দূরে রাখতে খেলাধুলার প্রয়োজনীয়তা রয়েছে।
সোমবার মাঠে নামছে বিরল উপজেলা ক্রীড়া সংসদ বনাম বন্ধু একাদশ হাকিমপুর। খেলা শুরু হবে বিকাল ৪ ঘটিকায়।
মো:মেহেদী হাসান ফুয়াদ,দিনাজপুর জেলা প্রতিনিধি 




























