রনজিৎ সরকার রাজ, দিনাজপুর প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) অন্যতম অঙ্গসংগঠন জাতীয়তাবাদী তাঁতী দলের দিনাজপুর জেলা শাখার ৮১ সদস্যবিশিষ্ট এক বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি গঠন ও অনুমোদন করা হয়েছে। নবগঠিত কমিটিতে রেজাউল ইসলামকে সভাপতি এবং হাসিনুর রহমান হাসু খানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
গত ৪ অক্টোবর জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্যসচিব হাজী মুজিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে বিষয়টি জানা যায়।
অনুমোদিত কমিটির তালিকা অনুযায়ী, সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রেজাউল ইসলাম। সিনিয়র সহসভাপতি হয়েছেন আব্দুল করিম। সহসভাপতি পদে আবু তাহের সিদ্দিকীসহ মোট ১৪ জন দায়িত্ব পেয়েছেন।
সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাসিনুর রহমান হাসু খান। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রবিউল ইসলামসহ মোট ১৩ জন রয়েছেন। সাংগঠনিক সম্পাদক হয়েছেন সেলিম হোসেন এবং সহসাংগঠনিক সম্পাদক হয়েছেন বদরুল মুলক লেবু। এ পদে মোট ১৩ জন দায়িত্ব পেয়েছেন।
এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে আরিফুর রহমান, আলমগীর হোসেন, শাহীন কাদের, মাহবুবর রহমান, জয়নাল আবেদীন ও ফিরোজ আলমসহ মোট ২৭ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সব মিলিয়ে কমিটিতে রয়েছেন ৮১ জন সদস্য।
দলীয় সূত্রে জানা গেছে, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সুপারিশের ভিত্তিতে কমিটিটি কেন্দ্রীয় কমিটির অনুমোদন লাভ করেছে।
নবগঠিত কমিটির মাধ্যমে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও কার্যকর করার প্রত্যাশা করছেন দলীয় নেতাকর্মীরা। তাঁদের মতে, তরুণ নেতৃত্বের বিকাশ, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় দলীয় কার্যক্রম পরিচালনার মাধ্যমে সংগঠনকে এগিয়ে নেওয়া সম্ভব।
দিনাজপুর জেলা তাঁতী দলের নতুন কমিটি অনুমোদন দেওয়ায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দলটির নেতাকর্মী ও সমর্থকেরা। একই সঙ্গে নবগঠিত কমিটির নেতাদের অভিনন্দন জানিয়েছেন তাঁরা।
Reporter Name 






















