মোঃ সারোয়ার হোসেন অপু,
নওগাঁ প্রতিনিধি
নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় সদর থানা পুলিশের এক বিশেষ অভিযানে ব্ল্যাকমেইলিং ও হানিট্র্যাপ চক্রের মূলহোতাসহ নারীসহ চারজন প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ভিকটিমের কাছ থেকে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া ৩০০ টাকার ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, জয়পুরহাট জেলার আক্কেলপুর থানা এলাকার এক স্কুলশিক্ষকের সঙ্গে পূর্বপরিচিত একই গ্রামের মোছাঃ চামেলি আক্তার মিলির গত ২৫ আগস্ট বিকেলে ফোনে কথা হয়। মিলি তাকে জরুরি কথা বলার কথা বলে নওগাঁ শহরের নিজ বাসায় ডেকে আনেন।
শিক্ষকের সরলতার সুযোগ নিয়ে বাসায় পৌঁছানোর পর মিলি ও তার সহযোগীরা তাকে ঘরে আটকে ফেলেন এবং মারধরের ভয় দেখিয়ে নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নেন। পরবর্তীতে আসামিরা ওই শিক্ষককে জিম্মি করে ৩০০ টাকার সাদা স্ট্যাম্পে স্বাক্ষর এবং ২ লাখ টাকার চেকে সই করিয়ে ছেড়ে দেন।
ঘটনার পর ভিকটিম নওগাঁ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ মামলা রুজু করে। এরপর বিরামহীন অভিযান চালিয়ে নওগাঁর বিভিন্ন স্থান থেকে চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—
- মোছাঃ চামেলী আক্তার মিলি (৪৫): স্বামী—মৃত হামিদুর রহমান, সাং—কোমাইগাড়ি পূর্বপাড়া, থানা ও জেলা—নওগাঁ সদর।
- মোঃ রাকিব হাসান (২৯): পিতা—মোঃ নান্টু প্রামানিক, সাং—বেড়াহাসন, থানা—আত্রাই, জেলা—নওগাঁ।
- মোঃ সোহরাব হোসেন (২৬): পিতা—মোঃ সেকান্দর আলী, সাং—নিহনপুর পূর্বপাড়া, থানা—বদলগাছি, জেলা—নওগাঁ।
- মোঃ নাঈম হোসেন (২৫): পিতা—মোঃ সামসুল ইসলাম, সাং—ফুটানিগঞ্জ, থানা—দুপচাঁচিয়া, জেলা—বগুড়া।
নওগাঁ সদর থানা পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা একটি আন্তঃউপজেলা প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে মানুষকে নানা কৌশলে প্রলোভন দেখিয়ে ও ফাঁদে ফেলে নির্জন স্থানে ডেকে আনত। পরবর্তীতে আপত্তিকর ছবি তুলে বা ভয়ভীতি দেখিয়ে বিপুল অঙ্কের টাকা ব্ল্যাকমেইল করে হাতিয়ে নিত।
গ্রেপ্তারকৃত সকল আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
Reporter Name 






















