উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি, নড়াইল || 13 ফেব্রুয়ারি 2026
নড়াইলের তুলরামপুর বিলে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া ব্যক্তির নাম মো. শরিফুল ইসলাম (৪৮)। তিনি যশোর জেলা সদরের জগমোহনপুর গ্রামের ইন্তাজ আলী তরফদারের ছেলে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরের দিকে তুলরামপুর এলাকার রেল ব্রিজের দক্ষিণ পাশের বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নড়াইল সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে হেফাজতে নেয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা ১২টার দিকে স্থানীয় এক কৃষক তুলরামপুর রেল ব্রিজের দক্ষিণ পাশে বিলে নিজের জমিতে যাওয়ার সময় মরদেহটি দেখতে পান। পরে পুলিশে খবর দিলে একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এ সময় মরদেহের পাশে একটি জ্যাকেট, গামছা, ব্যাগ, এনআইডি কার্ড এবং চার হাজার ২০০ টাকা পাওয়া যায়। এনআইডি কার্ডের সূত্র ধরে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দা সাহেব মোল্যা জানান, বৃহস্পতিবার দুপুরে তুলরামপুর এলাকায় একটি মসজিদে শরিফুল ইসলামকে আসরের নামাজ আদায় করতে দেখেছিলেন তিনি। শুক্রবার দুপুরে তার মরদেহ উদ্ধারের খবর পান।
এ বিষয়ে নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরুজ্জামান বলেন, শরিফুল ইসলামের শরীরে দৃশ্যমান তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
Reporter Name 






















