
নতুন পে স্কেলে বড় সুখবর: প্রধান শিক্ষকের বেতন-ভাতা ছাড়াবে ৫০ হাজার
নতুন জাতীয় বেতন কাঠামো বা পে স্কেল কার্যকর হলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বেতন উল্লেখযোগ্য হারে বাড়তে পারে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, ২০২৮ সালের জানুয়ারি থেকে বাড়িভাড়াসহ বিভিন্ন ভাতা যোগ হয়ে একজন নতুন প্রধান শিক্ষকের মোট বেতন-ভাতা ৫০ হাজার টাকার বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।
নতুন পে স্কেলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে চাকরির শুরুতে মূল বেতন নির্ধারণের প্রস্তাব করা হয়েছে ৩২ হাজার টাকা। আর সহকারী শিক্ষক পদে মূল বেতন শুরু হবে ২৪ হাজার টাকা থেকে।
সম্প্রতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদটি দশম গ্রেডে উন্নীত করা হয়েছে। বর্তমান বেতন কাঠামোয় দশম গ্রেডের শুরুতে মূল বেতন ১৬ হাজার টাকা। প্রস্তাবিত নতুন কাঠামোয় প্রথম ধাপে ৫০ শতাংশ বাড়িয়ে এই বেতন ২৪ হাজার টাকা করার কথা বলা হয়েছে।
এরপর দ্বিতীয় ও তৃতীয় ধাপে আরও ৪ হাজার টাকা করে যোগ হলে মূল বেতন দাঁড়াবে ৩২ হাজার টাকা। ইনক্রিমেন্টসহ এই গ্রেডে সর্বোচ্চ মূল বেতন ৭৭ হাজার ৩০০ টাকা পর্যন্ত হতে পারে।
নতুন হারে বাড়িভাড়াসহ অন্যান্য ভাতা কার্যকর হলে ২০২৮ সালের জানুয়ারি থেকে সদ্য নিয়োগ পাওয়া একজন প্রধান শিক্ষকের মোট বেতন-ভাতা ৫০ হাজার টাকা ছাড়িয়ে যেতে পারে।
সহকারী শিক্ষকদের বেতনেও বড় পরিবর্তন
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বর্তমানে ১৩তম গ্রেডে নিয়োগ পান। এই গ্রেডে বর্তমান কাঠামোয় মূল বেতন শুরু হয় ১১ হাজার টাকা থেকে। নতুন পে স্কেলে তা এক ধাক্কায় বেড়ে ২৪ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে।
ইনক্রিমেন্টসহ ১৩তম গ্রেডে সর্বোচ্চ মূল বেতন ৫৮ হাজার টাকা পর্যন্ত হতে পারে। নতুন কাঠামো অনুযায়ী, ২০২৮ সাল থেকে সদ্য নিয়োগ পাওয়া একজন সহকারী শিক্ষকের বাড়িভাড়াসহ মোট বেতন-ভাতা প্রায় ৪০ হাজার টাকা হতে পারে।
কর্মরত শিক্ষকদের বেতন নির্ভর করবে যেসব বিষয়ের ওপর
তবে নতুন পে স্কেল কার্যকর হলে বর্তমানে কর্মরত শিক্ষকদের বেতন কত হবে, তা সবার ক্ষেত্রে এক হবে না। তাদের চাকরির মেয়াদ, বর্তমান মূল বেতন এবং এ পর্যন্ত পাওয়া ইনক্রিমেন্টের ওপর বেতনের পরিমাণ নির্ভর করবে।
এ বিষয়ে চূড়ান্ত হিসাব এখনো নিশ্চিত নয়। সরকারি প্রজ্ঞাপন জারির পরই নতুন বেতন কাঠামো অনুযায়ী শিক্ষকসহ সরকারি কর্মচারীদের বেতন-ভাতার সুনির্দিষ্ট হিসাব জানা যাবে।
Reporter Name 


























