
নিজস্ব প্রতিবেদক || 14 ফেব্রুয়ারি 2026
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের দুইটি আসনে বিজয়ী হয়েছেন দুই নারী প্রার্থী। শামা ওবায়েদ ইসলাম ফরিদপুর-২ আসন থেকে এবং চৌধুরী নায়াব আহমেদ ইউসুফ ফরিদপুর-৩ আসন থেকে জয়ী হয়েছেন।
এলাকাবাসীর মতে, এ বিজয় শুধু দুটি আসনের ফল নয়; বরং উত্তরাধিকার, সাংগঠনিক শক্তি, ব্যক্তিগত গ্রহণযোগ্যতা ও জনআস্থার সমন্বয়ে গড়ে ওঠা এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা।
ফরিদপুর-২: শামা ওবায়েদের জয়
ফরিদপুর-২ আসনে ধানের শীষ প্রতীকে ১ লাখ ২১ হাজার ৬৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শামা ওবায়েদ ইসলাম। রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ আসনে তার জয়কে অনেকে সাংগঠনিক দক্ষতা ও জনসম্পৃক্ততার ফল হিসেবে দেখছেন।
সাবেক মন্ত্রী প্রয়াত ওবায়দুর রহমানের কন্যা শামা ওবায়েদ বলেন,
‘এ বিজয় উল্লাসের নয়, দায়িত্বের। সালথা-নগরকান্দার মানুষ দীর্ঘদিন অবকাঠামো, স্বাস্থ্য ও শিক্ষায় পিছিয়ে। সংসদে যাওয়ার পর আমার প্রথম কাজ হবে এ অঞ্চলকে জাতীয় উন্নয়ন পরিকল্পনার সঙ্গে যুক্ত করা।’
তিনি আরও বলেন, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা, সংরক্ষণাগার ও হিমাগার স্থাপন, নারীদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা এবং তরুণদের কারিগরি প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হবে।
ফরিদপুর-৩: নায়াব ইউসুফের পরিকল্পনা
ফরিদপুর-৩ আসনে ১ লাখ ৪৮ হাজার ৫৪৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন চৌধুরী নায়াব আহমেদ ইউসুফ। স্থানীয় নেতাকর্মীদের মতে, এ বিজয় বিএনপির জন্য আস্থা পুনরুদ্ধারের ইঙ্গিত বহন করে।
নায়াব ইউসুফ বলেন,
‘ফরিদপুর শহরকে আধুনিক ও নিরাপদ নগরীতে রূপ দিতে চাই। বিভাগ বাস্তবায়ন, একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, শিক্ষা-স্বাস্থ্য অবকাঠামো উন্নয়ন এবং সন্ত্রাস ও মাদকমুক্ত পরিবেশ গড়াই আমার অগ্রাধিকার।’
তিনি আরও বলেন, ‘মানুষ শুধু অতীত স্মৃতি দিয়ে ভোট দেয় না; তারা ভবিষ্যতের প্রতিশ্রুতি দেখে সিদ্ধান্ত নেয়। আমি সেই ভবিষ্যৎ নির্মাণে সক্রিয় থাকবো।’
প্রত্যাশার চাপ
নারীর নেতৃত্বের সমর্থন প্রসঙ্গে ফরিদপুরের সচেতন নাগরিক কমিটির (সনাক) সাবেক সভাপতি অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী বলেন,
‘নির্বাচনে জয় যেমন রাজনৈতিক স্বীকৃতি দেয়, তেমনি বাড়িয়ে দেয় প্রত্যাশা। শামা ও নায়াব—দু’জনের কাছেই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং দলমত নির্বিশেষে সবার প্রতিনিধিত্ব নিশ্চিত করা।’
ফরিদপুরবাসীর আশা—নতুন এই নেতৃত্ব শুধু রাজনৈতিক পরিবর্তনই নয়, বাস্তব উন্নয়নেও দৃশ্যমান অগ্রগতি আনবে।
Reporter Name 


















