
ফয়জুর রহমান, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
বাংলা নববর্ষ ১৪৩৩ উদ্যাপন উপলক্ষে ময়মনসিংহের ফুলপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও দুই দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ গানের মাধ্যমে দিনের কর্মসূচির শুভ সূচনা হয়। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে আনুষ্ঠানিকভাবে দুই দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম সীমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি মোহাম্মদ উল্লাহ।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ সিদ্দিকুর রহমান, সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির প্রভাষক গোলাম কিবরিয়া সহ বিএনপি, যুবদল, ছাত্রদল এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।
মেলায় বাঙালির হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী নানা সামগ্রী ও তৈজসপত্র প্রদর্শন করা হয়, যা দর্শনার্থীদের আকর্ষণ করে। পাশাপাশি বৈশাখী মঞ্চে পরিবেশিত হয় গ্রামীণ সংস্কৃতিনির্ভর বিভিন্ন নাটিকা, যেমন—প্রাচীন আমলের রাজা-বাদশার গল্পভিত্তিক উপস্থাপনা। কৃষিকাজে ব্যবহৃত ঐতিহ্যবাহী উপকরণের প্রদর্শনীও ছিল মেলার অন্যতম আকর্ষণ।
এছাড়া দিনব্যাপী সংগীত পরিবেশনা ও লোকজ সংস্কৃতির নানা আয়োজনের মধ্য দিয়ে বৈশাখী উৎসব প্রাণবন্ত হয়ে ওঠে। স্থানীয়দের অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
Reporter Name 






















