
মোঃ মোনাহার মিয়া,
স্টাফ রিপোর্টার:
২২ মার্চ, ২০২৬
জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার পৌরসভার চরকাউরিয়া দরিপাড়া (৮নং ওয়ার্ড) এলাকায় অবস্থিত কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত ২১ মার্চ (শনিবার) দিবাগত রাতে ক্লিনিকের মূল ফটকের তালা ভেঙে এই চুরির ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, চোরচক্র ক্লিনিকের প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা ক্লিনিকে থাকা ওয়াইফাই সংযোগের যাবতীয় সরঞ্জামাদি লুট করার পাশাপাশি আলমারির তালা ভেঙে নগদ অর্থ ও প্রয়োজনীয় ওষুধপত্র নিয়ে চম্পট দেয়।
সিএইচসিপি (CHCP) আবু সালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার রাতের কোনো এক সময় এই চুরির ঘটনা ঘটে। সকালে বিষয়টি জানাজানি হলে তিনি তাৎক্ষণিকভাবে বকশিগঞ্জ সদর হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে ঘটনাস্থল পরিদর্শন করান।
সিএইচসিপি আবু সালেক ক্ষোভ প্রকাশ করে বলেন, এটিই প্রথম ঘটনা নয়। এর আগে গত ৮ মার্চ ক্লিনিকের সামনে থাকা একটি নলকূপ রাতের আঁধারে চুরি হয়ে যায়। সেই ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর তদন্ত বা পদক্ষেপ নেওয়া হয়নি।
তিনি আরও বলেন,
”যদি আগের চুরির ঘটনায় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিত, তবে হয়তো আজকের এই অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যেত। আমার ধারণা, এলাকার মাদকসেবীরাই এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত।”
কমিউনিটি ক্লিনিকটি সরকারিভাবে পরিচালিত এবং এটি এলাকার প্রান্তিক মানুষের চিকিৎসার একমাত্র ভরসা। ফলে সরকারি এই প্রতিষ্ঠানে বারবার চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল ও ক্লিনিক পরিচালনা কমিটির সদস্যরা। তারা দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার এবং ক্লিনিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।
Reporter Name 

























