বগুড়া জেলা প্রতিনিধি :
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ধানক্ষেত থেকে শাহ আলম (৪২) নামে এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ মে) সকালে উপজেলার বিহার ইউনিয়নের সংসারদিঘী দোবিলা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শাহ আলম ওই গ্রামের বাসিন্দা ইদ্রিস আলীর ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন কৃষক ধানক্ষেতে কাজ করতে গিয়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে স্বজনরা এসে মরদেহটি শাহ আলমের বলে শনাক্ত করেন।
পরে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
Reporter Name 


























