বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে সৌদি আরবের রাজধানী রিয়াদ। অন্যদিকে, বৃষ্টির প্রভাবে বায়ুর মানের উন্নতি হওয়ায় বাংলাদেশের রাজধানী ঢাকা নেমে এসেছে ৩০তম অবস্থানে।
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, ঢাকার বায়ুমান স্কোর ছিল ৭৩। এই মাত্রার বায়ু ঢাকাবাসীর জন্য সহনীয় বা মোটামুটি ভালো হিসেবে বিবেচিত।
তালিকায় সবচেয়ে দূষিত শহর হিসেবে রিয়াদের স্কোর ছিল ১৮৩। দ্বিতীয় অবস্থানে থাকা কাতারের রাজধানী দোহার বায়ুমান স্কোর ১৬১। তৃতীয় অবস্থানে থাকা কুয়েত সিটির স্কোর ১৬০। এছাড়া ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা ১৫৩ স্কোর নিয়ে চতুর্থ এবং পাকিস্তানের লাহোর ১৪৭ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে।
আইকিউএয়ারের সূচক অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোরের বায়ু ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে মাঝারি মানের বায়ু বলা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়।
এ ছাড়া ১৫১ থেকে ২০০ স্কোরের বায়ু ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়। বায়ুর মান খুব অস্বাস্থ্যকর বা ঝুঁকিপূর্ণ হলে শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়।
বিশেষজ্ঞদের মতে, বৃষ্টি বাতাসের ধুলা ও ক্ষতিকর কণার পরিমাণ কমাতে সহায়তা করে। ফলে বর্ষাকালে অনেক সময় রাজধানী ঢাকার বায়ুমানের সাময়িক উন্নতি দেখা যায়।
Reporter Name 





















