গাজীপুরের কালিয়াকৈরে বেতন বৃদ্ধির দাবিতে আবারও বিক্ষোভে নেমেছেন কয়েকটি শিল্পকারখানার শ্রমিকরা। শনিবার সকালে পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন তাঁরা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বিভিন্ন কারখানার সামনে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। পরে সকাল ১০টার দিকে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন।
পুলিশ জানায়, সকালে কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে ও বাইরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা মহাসড়কে অবস্থান নেন। এ সময় একটি নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িও ভাঙচুর করা হয়।
শ্রমিকদের অবরোধের কারণে পল্লী বিদ্যুৎ এলাকার আশপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় দীর্ঘ যানজট। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা আন্দোলনের একপর্যায়ে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে। পরে বেলা সাড়ে ১১টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, শনিবার সকালে কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকায় ছয় থেকে সাতটি কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। এতে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শ্রমিকরা সরে যান। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ ও জেলা পুলিশের পাশাপাশি বিজিবি এবং আনসার সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।
Reporter Name 

























