বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার বুড়িচংয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত এক পথসভায় দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
সোমবার (১৮ মে) সন্ধ্যায় বুড়িচং উপজেলা বাইপাস সড়কে “জনতার আশা, আগামীর বাংলাদেশ বিনির্মাণে” শীর্ষক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
হাসনাত আব্দুল্লাহ বলেন, “মাদক ব্যবসা ও দুর্নীতির সঙ্গে আমরা জড়িত নই। তরুণদের চাহিদা ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হলে সাংগঠনিক নিয়মনীতি মেনে চলতে হবে।”
তিনি আরও বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই, যেখানে তরুণদের কর্মসংস্থান সৃষ্টি হবে, দুর্নীতি থাকবে না এবং জাতিগত কিংবা পরিবারগত কোনো বৈষম্য থাকবে না। আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই।”
তরুণদের উদ্দেশে তিনি বলেন, “বৈষম্যহীন বাংলাদেশ গঠন করতে হলে তারুণ্যের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে। তরুণরা ঐক্যবদ্ধ থাকলে দুর্নীতি ও সিন্ডিকেট ভেঙে মাদক নির্মূলে জিরো টলারেন্স প্রতিষ্ঠা করা সম্ভব হবে।”
এসময় তিনি এনসিপিসহ দেশের তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়ন ও পরিবর্তনের কাজে অংশ নেওয়ার আহ্বান জানান।
পথসভায় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট তরিকুল ইসলাম, এনসিপির কেন্দ্রীয় মুখ্য যুগ্ম সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ, কুমিল্লা জেলা সদস্য শরিফ হাসান, কেন্দ্রীয় সদস্য হাসান জামিল সৌরভ, যুবশক্তির সদস্য সচিব হাসান কিবরিয়া, বুড়িচং উপজেলা যুগ্ম সমন্বয়কারী সোহেল রানা, কাজী রবিউল ইসলাম, রবেল হোসেন, রুনাসহ দলীয় নেতাকর্মীরা।
এর আগে একই দিনে ব্রাহ্মণপাড়া উপজেলায় আয়োজিত পদযাত্রাতেও প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হাসনাত আব্দুল্লাহ।
Reporter Name 




























