রাজধানীর যানজট ও সড়কে শৃঙ্খলা ফেরাতে মহাখালী বাস টার্মিনালে অলস পড়ে থাকা বাসগুলো পূর্বাচলের অস্থায়ী ডিপোতে সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে এ কার্যক্রম পরিদর্শন করতে মহাখালী বাস টার্মিনালে যান ঢাকা ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ট্রাফিক কর্মকর্তারা জানান, পূর্বাচলের ৩ নম্বর সেক্টরে অস্থায়ীভাবে একটি ডিপো প্রস্তুত করা হয়েছে। সেখানে প্রাথমিকভাবে প্রায় ১৫০টি বাস রাখার ব্যবস্থা রয়েছে। পাশাপাশি বাসের চালক ও হেলপারদের থাকা ও খাওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।
ঢাকা ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মো. আনিছুর রহমান জানান, আগামী তিন মাসের মধ্যে পূর্বাচলের ডিপোটির ধারণক্ষমতা বাড়িয়ে প্রায় ৬০০ বাস রাখার উপযোগী করা হবে। এ সক্ষমতা নিশ্চিত করা গেলে মহাখালী বাস টার্মিনালের সামনের সড়কে যানজট ও বিশৃঙ্খলা অনেকটাই কমানো সম্ভব হবে।
তিনি আরও জানান, দীর্ঘমেয়াদে মহাখালী বাস টার্মিনালটি আশুলিয়া এক্সপ্রেসওয়ের কাছাকাছি এলাকায় স্থানান্তরের পরিকল্পনাও রয়েছে।
এর আগে চলতি বছরের জুলাই মাসে মহাখালী টার্মিনালে অলস পড়ে থাকা ২০টি বাস পূর্বাচলের অস্থায়ী ডিপোতে সরিয়ে নেওয়ার মধ্য দিয়ে এ কার্যক্রমের সূচনা হয়।
সংশ্লিষ্টরা বলছেন, ধাপে ধাপে অলস বাসগুলো টার্মিনাল এলাকা থেকে সরিয়ে নেওয়া হলে মহাখালীর সামনের সড়কে যান চলাচল স্বাভাবিক ও শৃঙ্খলিত করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Reporter Name 




























