
সোহাগ মিয়া, মাধবপুর প্রতিনিধি:
যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে এবং গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা হাডুডু পুনরুজ্জীবিত করতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের সুন্দরপুর গ্রামে একটি মাদকবিরোধী খেলাধুলা আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৪টায় সুন্দরপুর গ্রামের মধ্যাংশের মাঠে এ হাডুডু খেলা অনুষ্ঠিত হয়। স্থানীয়দের উদ্যোগে আয়োজিত এ খেলায় সুন্দরপুর ও রতনপুর গ্রামের দুটি দল অংশগ্রহণ করে।
খেলায় সুন্দরপুর দলের নেতৃত্ব দেন তুহিন এবং রতনপুর দলের নেতৃত্ব দেন তৌহিদ উদ-জামান মহালদার। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে রতনপুর দল বিজয়ী হয়। বিজয়ী দলকে পুরস্কার হিসেবে একটি খাসি প্রদান করা হয়।
আয়োজক ডা. আলমগীর আলম মহালদার বলেন, মাদকবিরোধী সচেতনতা তৈরি এবং তরুণদের সুস্থ বিনোদনের দিকে ফিরিয়ে আনতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও মাদকবিরোধী কার্যক্রম ও সচেতনতামূলক সেমিনার অব্যাহত থাকবে বলে তিনি জানান।
স্থানীয়রা জানান, এই ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে এবং সামাজিক বন্ধন আরও দৃঢ় করবে।
সোহাগ মিয়া, মাধবপুর প্রতিনিধি 


























