
২৯ অক্টোবর ২০২৫
মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে ব্যাপক আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে আলোচনা সভা, বৃক্ষরোপন, বর্ণাঢ্য র্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে দলীয় নেতাকর্মীরা বিভিন্ন ইউনিয়ন ও কালীগঞ্জ পৌরসভার ওয়ার্ড থেকে মিছিল নিয়ে কালীগঞ্জ আরআরএন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হন। উপজেলা যুবদলের আহবায়ক আলী নুর হাসানের সভাপতিত্বে এবং সদস্য সচিব হাসানুর রহমান (জুয়েল) পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবির মাষ্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, কালীগঞ্জ পৌর যুবদলের আহবায়ক কায়েস ইসলাম প্রমুখ।
সভায় জেলা ও উপজেলা বিএনপি ও যুবদলের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে কালীগঞ্জ পাইলট স্কুলের পুকুরপাড়ে বৃক্ষরোপণ করা হয় এবং ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র্যালি উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।
বক্তারা বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা সাপেক্ষে আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। এই নির্বাচনকে সফলভাবে সম্পন্ন করতে যুবদলকে অতন্দ্র প্রহরীর ভূমিকা রাখতে হবে।

আলোচনা সভা ও র্যালির সমাপ্তিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা, বেগম খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয়। এছাড়া জুলাই আন্দোলন-সংগ্রামে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশবাসীর জন্য দোয়া পরিচালনা করেন কালীগঞ্জ পৌর ওলামা দলের আহবায়ক মুফতি শফিকুল ইসলাম।
মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার 






















