
শহিদ শেখ পাখি, মুন্সীগঞ্জ প্রতিনিধি
শাহীন মোরশেদ রাজ স্মৃতি সংসদের উদ্যোগে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রসুলপুর (সতুরচর) হাফেজ খোরশেদ আলম শাহী ঈদগাহ মাঠে ঐতিহ্যবাহী হাডুডু খেলার মেগা ফাইনাল ম্যাচ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শ্বাসরুদ্ধকর ও রোমাঞ্চকর ফাইনালে ‘রসুলপুর টাইগার্স’কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ‘পদ্মা টাইগার্স’।
নির্ধারিত সময়ে দু’দলের ম্যাচটি অমীমাংসিত থাকলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে পদ্মা টাইগার্স ৭-০ পয়েন্টের ব্যবধানে রসুলপুর টাইগার্সকে পরাজিত করে বিজয়ী হয়।

সিরাজদিখান উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক (যুগ্ম-সম্পাদক) অহিদুল ইসলাম অহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা বিএনপির সদস্য মোয়াজ্জেম হোসেন বাবুল। খেলাটির শুভ উদ্বোধন করেন বাসাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মানিছউদ্দিন বেপারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সভাপতি হাফেজ আলমগীর, কবির হোসেন, মনোয়ার মোর্শেদ মাসুমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও হাডুডু খেলাপ্রেমী দর্শকবৃন্দ।
খেলা দেখতে মাঠে অসংখ্য নারী-পুরুষ দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ঐতিহ্যবাহী এই খেলার সফল আয়োজনের জন্য আয়োজক কমিটি, অংশগ্রহণকারী দলসমূহ, আমন্ত্রিত অতিথি এবং মাঠে উপস্থিত দর্শকের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
Reporter Name 

















