
এম এস শ্রাবণ মাহমুদ, স্টাফ রিপোর্টার:
রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলা সেনা জোনের উদ্যোগে পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং অর্গানিক কম্পোস্ট সার প্রস্তুতকরণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিটে এ সভা শুরু হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ মশিউর রহমান (পিএসসি)।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন জোনের উপ-অধিনায়ক, এ্যাডজুটেন্ট, কৃষি কর্মকর্তা, বন বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, নানিয়ারচর থানা প্রতিনিধি, বাজার কমিটির সভাপতি, সাংবাদিকবৃন্দ, গ্রাম পুলিশ, আনসার-ভিডিপি সদস্য এবং উপজেলা বিএনপির সভাপতি।
আলোচনা সভায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব, প্লাস্টিক ও অন্যান্য বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা এবং জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। প্রধান অতিথি বলেন, পরিবেশ রক্ষায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগ অপরিহার্য।
সভায় আরও আলোচনা করা হয় গৃহস্থালি ও কৃষিজ বর্জ্য ব্যবহার করে অর্গানিক কম্পোস্ট সার উৎপাদনের পদ্ধতি, এর পরিবেশগত ও অর্থনৈতিক সুবিধা এবং কৃষিতে জৈব সারের ব্যবহার বৃদ্ধির প্রয়োজনীয়তা নিয়ে। অংশগ্রহণকারীদের পরিবেশবান্ধব কৃষি ও টেকসই উন্নয়নের দিকে উৎসাহিত করা হয়।
বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা পরিবেশ সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং জৈব সার উৎপাদনে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর মতামত দেন। পাশাপাশি নানিয়ারচর উপজেলাকে পরিচ্ছন্ন, সবুজ ও পরিবেশবান্ধব এলাকায় রূপান্তরের লক্ষ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয়।
সভা শেষে জানানো হয়, নানিয়ারচর সেনা জোন ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি এবং জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
Reporter Name 






















