শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত ও মাগুরার শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শেষে রামিসা হত্যা মামলার শুনানি শুরু হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।
বুধবার (১২ আগস্ট) সকালে তিনি এ তথ্য জানান।
এর আগে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের জন্য সলিসিটরকে নির্দেশ দেন। ওই নির্দেশের পর গত ২৫ জুন আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের পক্ষে আইনি লড়াইয়ের জন্য সুপ্রিম কোর্টের আইনজীবী হাফিজুর রহমান খানকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়।
মামলার অভিযোগ ও আদালতের রায় অনুযায়ী, গত ১৯ মে সোহেল রানা শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করেন। এ অপরাধে তাকে সহযোগিতা করেন তার স্ত্রী স্বপ্না আক্তার। অপরাধের গুরুত্ব ও পরিস্থিতি বিবেচনায় ঢাকার শিশু অপরাধ দমন ট্রাইব্যুনাল দুজনকেই মৃত্যুদণ্ড দেন। ট্রাইব্যুনালের বিচারক ছিলেন মাসরুর সালেকীন।
রায়ের পর দুই আসামিকে কারাগারের কনডেম সেলে রাখা হয়। পরে তারা রায়ের বিরুদ্ধে জেল আপিল করেন। একই সঙ্গে মৃত্যুদণ্ডের রায় হাইকোর্টে অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স পাঠানো হয়।
এখন হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিলের শুনানি একসঙ্গে হওয়ার কথা রয়েছে। এর আগে শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু হয়েছে।
রামিসা হত্যা মামলার শুনানি শুরু হলে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীরা মৃত্যুদণ্ডের রায় বহাল রাখা বা বাতিলের বিষয়ে আদালতে তাদের যুক্তি উপস্থাপন করবেন। এরপর হাইকোর্টের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে মামলাটির পরবর্তী আইনি প্রক্রিয়া।
সূত্র: নিউজ২৪
Reporter Name 























