মোঃ কামাল হোসেন প্রধান, জেলা প্রতিনিধি, নরসিংদী
নরসিংদীর রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ মো. সাব্বির হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাত ১২টা ৫ মিনিটের দিকে উপজেলার চর মধূয়া ইউনিয়নের সমীবাদ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, রায়পুরা থানার চরাঞ্চলের চর মধূয়া ইউনিয়নের সমীবাদ বাজার এলাকায় একদল সন্ত্রাসী অবৈধ অস্ত্রসহ অবস্থান করছে এবং তাদের পাহারায় সেখানে আগ্নেয়াস্ত্র তৈরির কাজ চলছে।
এর পরিপ্রেক্ষিতে নরসিংদীর পুলিশ সুপারের দিকনির্দেশনায় রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুরের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবুর রহমানসহ রায়পুরা থানা ও বাঁশগাড়ী তদন্তকেন্দ্রের পুলিশ সদস্যরা অংশ নেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, স্থানীয় জনসাধারণের সহযোগিতায় চর মধূয়া ইউনিয়নের সমীবাদ বাজারে জনৈক খায়রুলের মাছের খাবারের দোকানের সামনে থেকে সাব্বির হোসেনকে আটক করা হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার বড়িকান্দি (মোল্লাবাড়ী) এলাকার মো. হেলাল মিয়ার ছেলে। বর্তমানে তিনি রায়পুরার সমীবাদ এলাকায় তাঁর মামার বাড়িতে অবস্থান করছিলেন বলে পুলিশ জানিয়েছে।
যে সরঞ্জাম উদ্ধার
পুলিশের দাবি, সাব্বিরের হেফাজত থেকে আগ্নেয়াস্ত্র তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া আলামতের মধ্যে রয়েছে—
- ২৬ ইঞ্চি লম্বা একটি লোহার পাইপ
- ৬ ইঞ্চি লম্বা একটি লোহার পাইপ
- ৩ ইঞ্চি লম্বা একটি লোহার পাইপ
- ৯ ইঞ্চি লম্বা একটি চ্যাপ্টা লোহার পাইপ
- বিভিন্ন দৈর্ঘ্যের ৪টি লোহার স্প্রিং
- ১২ ইঞ্চি লম্বা ৩টি হেক্সো ব্লেড
- ৩.৫ ইঞ্চি ও ২.৭৫ ইঞ্চি লম্বা ২টি লোহার পাত
- বিভিন্ন আকৃতির ১৭টি লোহার টুকরা
- বিভিন্ন সাইজের ড্রিল মেশিনের ৬টি মাথা
- ট্রিগার সদৃশ ২টি লোহার অংশ
- ফায়ারকৃত কালো রঙের একটি শটগানের কার্তুজ
- একটি পুরোনো স্মার্টফোন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনাস্থলে পুলিশের নজরদারি অব্যাহত আছে।
Reporter Name 























