
শহিদ শেখ পাখি, মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার পাটাভোগ এলাকার একটি অটোরিকশা গ্যারেজে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের নির্যাতন ও হাত-পা বেঁধে রাখায় অহিদুল ইসলাম (৫০) নামে এক গ্যারেজ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
রোববার (২২ নভেম্বর) গভীর রাতে উপজেলার পাটাভোগ হরিবাড়ী সংলগ্ন ওয়াহিদুর রহমানের মালিকানাধীন অটোরিকশা গ্যারেজে এ ঘটনা ঘটে।
ডাকাতরা গ্যারেজ থেকে দুটি অটোরিকশা ও ১৮টি অটোরিকশার মোট ৬১টি ব্যাটারি লুট করে নিয়ে গেছে।
নিহত অহিদুল ইসলাম কুমিল্লা জেলার দাউদকান্দি থানার তুলাতুলি গ্রামের ওহাব আলী প্রধানের ছেলে।
তিনি গত ৩ মাস যাবৎ শ্রীনগরের পাটাভোগ হরিবাড়ী এলাকার ওই গ্যারেজটি ভাড়া নিয়ে পরিচালনা করে আসছিলেন এবং স্ব-পরিবারে সেখানেই থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার গভীর রাতে ৮ থেকে ১০ জনের একটি মুখোশধারী ডাকাত দল গ্যারেজের পেছনের দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করে। এরপর তারা গ্যারেজ মালিক অহিদুল এবং তার স্ত্রী উসনা আক্তারকে জিম্মি করে দুজনেরই হাত, পা ও মুখ শক্ত করে বেঁধে ফেলে। পরে ডাকাত দলটি একটি পিকআপ ভ্যান গ্যারেজের ভেতরে ঢুকিয়ে সেখানে থাকা ১৮টি অটোরিকশার ৬১টি ব্যাটারি এবং দুটি আস্ত অটোরিকশা পিকআপে তুলে নেয়।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্ত্রী উসনা আক্তার জানান, মালামাল লুটের একপর্যায়ে অহিদুল ইসলাম নিস্তেজ হয়ে পড়েন এবং তার কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। বিষয়টি বুঝতে পেরে ডাকাতরা দ্রুত তার হাতের বাঁধন খুলে দিয়ে মালামালসহ পালিয়ে যায়। পরে চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে অহিদুলকে মৃত অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।
এ বিষয়ে শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বাংলাদেশ প্রতিদিন কে জানান, রাত ২ টা থেকে তিনটার দিকে সংঘবদ্ধ কয়েকজন পেছন দিক থেকে গ্যারেজে ডুকে। এসময় গ্যারেজে নিহত অহিদুল ইসলাম ও তার স্ত্রী ঘুমিয়ে ছিলেন। ডাকাত দল তাদের হাত পা বেধেঁ অটোরিকশার ব্যাটারী নিয়ে চলে যায়। পরে অহিদুল ইসলামের বাঁধন খুলে দেওয়া হলে দেখা যায় সে মারা গেছে। পুলিশ খবর পাওয়ার সাথে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ বিষয়ে থানা পুলিশ ও ডিবি পুলিশ জড়িতদের আটকে তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে।
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। লুট হওয়া মালামাল উদ্ধার এবং জড়িত ডাকাতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে থানা প্রশাসন।
Reporter Name 






















