
শহীদ শেখ পাখি, মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নের তন্তর-বালিটা সড়কের কুমারবাড়ী এলাকায় সরকারি রাস্তা দখল করে প্রাচীর নির্মাণের কাজ চলছে। স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মামুন খানের বিরুদ্ধে এই রাস্তা দখলের অভিযোগ উঠেছে। এর ফলে স্থানীয় এলাকাবাসী ও পথচারীদের মধ্যে চরম দুর্ভোগের শঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তার ইট সলিং ঘেঁষে ২৬টি পিলার স্থাপন করে প্রাচীর নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন মামুন খান।
ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, তন্তর-বালিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক। ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী রাস্তাটি আরও প্রশস্ত করার কথা রয়েছে। কিন্তু বর্তমানে এই প্রাচীর নির্মাণ করা হলে ভবিষ্যতে রাস্তাটি আর প্রশস্ত করা সম্ভব হবে না। এছাড়া পুরো রাস্তাটি পিচঢালাই করা হলে পথচারীদের হাঁটার কোনো জায়গা থাকবে না। যানবাহন চলাচলের সময় পথচারীরা নিরাপদ দূরত্বে সরে দাঁড়াতে না পারলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বালিটা এলাকার ৫৫ বছর বয়সী এক স্থানীয় বাসিন্দা বলেন, “মামুন খান এলাকার একজন প্রভাবশালী ব্যক্তি। তার বিরুদ্ধে প্রকাশ্যে কিছু বললে আমাদের নানা সমস্যার মুখে পড়তে হবে। তিনি যে কাজটি করছেন, তাতে এলাকাবাসীর অনেক বড় সমস্যা হবে। রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতে এটি আরও চওড়া করার কথা রয়েছে। কিন্তু এই দেওয়ালের কারণে তা আর করা সম্ভব হবে না। রাস্তার পাশে পথচারীদের হাঁটার বা সাইড নেওয়ার কোনো জায়গাও থাকবে না।”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মামুন খান দাবি করেন, “আমার জায়গা দিয়েই সরকার রাস্তা নিয়েছে, তাই আমি আমার নিজের জায়গাতেই দেওয়াল দিচ্ছি।”
এ বিষয়ে শ্রীনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত হয়েছেন। ইতিমধ্যে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Reporter Name 
























