
আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও মদ পানের লাইসেন্স ব্যবস্থাকে কেন্দ্র করে তীব্র সমালোচনা ও বিস্ময় প্রকাশ করেছেন কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান ইকবাল।
বৃহস্পতিবার (২৫ জুন) জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রশ্ন তোলেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, “গাড়ি চালাতে লাইসেন্স লাগে, মোটরসাইকেল চালাতেও লাগে, দোকান চালাতেও লাগে। কিন্তু এখন শুনছি মদ খেতেও নাকি লাইসেন্স লাগে। এটা কোন দেশের আইন, আমার জানা নেই।”
তিনি আরও বলেন, যারা মদের দাম বাড়ানো নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন, তাদের জন্য লাইসেন্সের ব্যবস্থা করা উচিত কি না—এ নিয়ে তিনি রসাত্মক মন্তব্য করেন।
একই সঙ্গে তিনি মদ ও মাদককে একইভাবে না দেখার আহ্বান জানিয়ে বলেন, পুলিশ অনেক সময় এক বোতল মদ পেলেই সাধারণ মানুষের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করে—এটি বন্ধ হওয়া প্রয়োজন।
বাজেট প্রসঙ্গে তিনি অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কার্যক্রমকে কিছুটা ইতিবাচক হিসেবে উল্লেখ করে অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি দাবি করেন, এবারের বাজেটে সাধারণ মানুষের চিকিৎসা সামগ্রীসহ বিভিন্ন খাতে দাম কমানো হয়েছে।
তিনি আরও বলেন, কেবলমাত্র একটি আইটেমের দাম বেড়েছে, সেটি হলো মদ, এবং এ উদ্যোগকে তিনি সাধারণ মানুষের পক্ষ থেকে স্বাগত জানান।
বিরোধী সমালোচনার প্রসঙ্গে তিনি একটি রূপক গল্প তুলে ধরে বলেন, অনেকেই অবাস্তব সমালোচনা করছেন, যা বাস্তবতার সঙ্গে মেলে না। দেশের উন্নয়ন বাস্তবায়নের জন্য বড় বাজেট প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।
এছাড়া আইনশৃঙ্খলা ও হাওর অঞ্চলের নিরাপত্তা উন্নয়নে পুলিশের জন্য স্পিডবোট ও টহল গাড়ি বাড়ানোর প্রস্তাবও তিনি রাখেন।
Reporter Name 




























