সামরিক সম্পদের তীব্র ঘাটতির কারণে একই সময়ে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে বলে সতর্ক করেছেন মার্কিন সামরিক বাহিনীর ইউরোপীয় কমান্ডের (ইউকম) প্রধান জেনারেল অ্যালেক্সাস গ্রিনকেভিচ।
পেন্টাগনকে দেওয়া এক লিখিত বার্তায় তিনি জরুরি ভিত্তিতে আরও একটি নৌবাহিনীর ডেস্ট্রয়ার জাহাজ চেয়েছেন। অতিরিক্ত সামরিক সক্ষমতা না বাড়ালে বর্তমান সম্পদ দিয়ে একসঙ্গে দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা সম্ভব নয় বলেও তিনি জানিয়েছেন।
ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে অজ্ঞাতনামা কয়েকজন কর্মকর্তার বরাতে বলা হয়েছে, ইউকম প্রধান সতর্ক করেছেন—আরও একটি ডেস্ট্রয়ার যুক্ত করা না হলে তাকে কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। অর্থাৎ ইসরায়েলের সুরক্ষা নাকি যুক্তরাষ্ট্রের নিজ ভূখণ্ডের নিরাপত্তা—দুটির মধ্যে একটি অগ্রাধিকার দিতে হবে।
ইউরোপীয় কমান্ড মূলত ভূমধ্যসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক কার্যক্রম পরিচালনা ও সমন্বয় করে থাকে। এ অঞ্চলে মোতায়েন মার্কিন নৌযানগুলোর অন্যতম দায়িত্ব হলো ইরান ও ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইসরায়েলে আঘাত হানার আগেই প্রতিহত করা।
প্রতিবেদন অনুযায়ী, স্পেনের রোটায় অবস্থানরত ইউরোপীয় কমান্ডের পাঁচটি ডেস্ট্রয়ারের মধ্যে দুটি গত শুক্রবার পর্যন্ত ভূমধ্যসাগরে মোতায়েন ছিল।
একই সঙ্গে ইউকমের ওপর ন্যাটোভুক্ত অঞ্চলে রাশিয়ার সম্ভাব্য সামরিক তৎপরতা মোকাবিলা এবং রুশ দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের হুমকি থেকে যুক্তরাষ্ট্রকে সুরক্ষার দায়িত্বও রয়েছে। এসব ক্ষেপণাস্ত্র সরাসরি মার্কিন ভূখণ্ডে আঘাত হানার সক্ষমতা রাখে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে পেন্টাগন কোনো মন্তব্য করতে রাজি হয়নি। ইউরোপীয় কমান্ডও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। পাশাপাশি ওয়াশিংটনে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের কোনো মুখপাত্রের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।
Reporter Name 



























