আবুনাঈম রিপন, নরসিংদী প্রতিনিধি:
সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি তাঁর স্বামী তৌফিক নেওয়াজের মৃত্যুর ঘটনায় মানবিক বিবেচনায় প্যারোলে মুক্তি পেয়েছেন। প্রশাসন সূত্রে জানা গেছে, আগামীকাল সকাল ৬টা থেকে ১২ ঘণ্টার জন্য তাঁকে প্যারোলে মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে স্বামীর শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কাছে প্যারোলে মুক্তির আবেদন করা হয়। বুধবার (১৯ আগস্ট) বেলা ১টার দিকে আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম পরিবারের সদস্যদের নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেন।
দীপু মনির আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম জানান, স্বামীর মৃত্যুর কারণে মানবিক বিবেচনায় তাঁকে প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছিল। জেলা প্রশাসনের সিদ্ধান্তের পর প্যারোলে মুক্তির বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম নেওয়া হয়।
এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা যান। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে দীপু মনির মেয়ে তানি দিপাবলী নেওয়াজ মুন্সিগঞ্জ জেলা কারাগারে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। পরে দীপু মনির সঙ্গে আলোচনা করে পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির আবেদন করেন তাঁর আইনজীবী।
- পরিবারের সদস্যরা আশা প্রকাশ করেন, প্যারোলে মুক্তি পেয়ে দীপু মনি তাঁর স্বামীর শেষকৃত্যে অংশ নিতে পারবেন। প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত সময়ের জন্য তাঁর মুক্তির ব্যবস্থা করা হয়েছে।
Reporter Name 





















